তানভীর হত্যা: শনিবার নারায়ণগঞ্জে হরতাল
নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকি (১৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শনিবার নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট।
নিখোঁজ হওয়ার দুদিন পর শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন একটি খালে তানভীরের লাশ পাওয়া যায়।
তানভীরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুরে শহরের চাষাড়া এলাকায় কালো পতাকা হাতে মিছিল করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। মিছিলটি গিয়ে শেষ হয় শহরের শায়েস্তা খান সড়কের পুরাতন কোর্ট এলাকায় তানভীরদের বাসার সামনে।
সেখান থেকেই জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, তানভীর হত্যার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে হরতাল পালিত হবে।
প্রদীপ ঘোষ বলেন, এর আগেও নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নাট্যব্যক্তিত্ব ও সাংস্কৃতিককর্মী দিদারুল আলম চঞ্চলকে হত্যা করা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।
“আমরা চাই আর কোনো মায়ের বুক খালি না হোক। আর কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটুক- এই দাবিতে আমরা হরতাল ডেকেছি।”
হরতাল সফল করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সবার প্রতি আহ্বান জানান তিনি।
গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন। নারায়ণগঞ্জের বাস ভাড়া কমানোর আন্দোলনসহ বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। তার ছেলের এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন প্রদীপ।
তানভীর মোহাম্মদ ত্বকি বুধবার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি
শহরের চাষাঢ়ার ইংরেজি মাধ্যমের স্কুল এবিসি ইন্টারন্যাশনাল থেকে এ বছর ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয় তানভীর। বৃহস্পতিবার ওই পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় এই কিশোর।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, তানভীরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
তার বাবা রফিউর রাব্বি সাংবাদিকদের জানান, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শায়েস্তা খান সড়কের পুরাতন কোর্ট রোডের বাসা থেকে বের হয় তানভীর। এরপর আর ফেরেনি।
অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে র্যাব ও পুলিশকে লিখিতভাবে জানান রাব্বি।
নারায়ণগঞ্জ জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নদী পাশের খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারের পর রফিউর রাব্বি নিজে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে।
তানভীরের ডান চোখে আঘাতের চিহ্ন ও মুখে কালো দাগ ছিল বলে হাফিজুল ইসলাম জানান।
