হাতিরপুলে টাইলস গুদামে বিস্ফোরণ, আহত ৩
রাজধানীর হাতিরপুলে টাইলসের গুদামে বিস্ফোরণের পর আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরপুলে হোসেন ট্রেডিং এর গুদামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গুদামের স্টোর কিপার আবুল বাশার (৩০), পাশের দোকান টাইলস প্লাসের কর্মচারী মোমিনুল হক (২৫) ও পথচারী শেখ আনিস (২৭)।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই গুদামে বিস্ফোরণের পর আগুন লাগে। পরে পলাশী থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
তবে বিস্ফোরণ ঘটার কারণ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি এই কর্মকর্তা।
কলাবাগান থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকট শব্দের পর ওই টাইলসের গুদামে আগুন লাগে। বিকট শব্দের কারণ খতিয়ে দেখা হচ্ছে।গুদামে বিস্ফোরক জাতীয় কিছু ছিল বলে তার ধারণা।
ওসি আরো জানান, আহতদের জিজ্ঞাসাবাদ করা হলে এ বিষয়টি পরিস্কার হবে।
