বিএনপি-জামায়াতের ৫শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় হরতালে বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় বিরোধী দলের প্রায় পাঁচশ’ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সকালের দিকে ভোলাহাটে সংঘর্ষে জড়িয়ে পড়ে হরতাল সমর্থক ও এর বিরোধীরা। এসময় বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় যুবলীগ কর্মী আব্দুর রহমানের মৃত্যু হয়।
ভোলাহাট থানার পরিদর্শক ফরহাদ হোসেন জানান, নিহতের বড়ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে ১৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো ৩০শ’ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা বাবর আলী বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা লোকমান আলীসহ ৩৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতপরিচয় ২শ’ জনের বিরুদ্ধে মামলা করেন এসআই ওমর আলী।
এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি পোড়ানোর অভিযোগে রহনপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বাদি হয়ে বিএনপি নেতা বাবর আলী বিশ্বাস ও জামায়াত নেতা লোকমান আলীসহ পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ২শ’ জনের বিরুদ্ধে থানায় আরেকটি মামলা দায়ের করেন।
