বগুড়ায় জামায়াতের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
বগুড়ায় জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে পুলিশ ফাঁড়িতে হামলাসহ নানা সহিংসতার মামলায় দলটির ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মোকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলা শহরসহ বিভিন্ন উপজেলা থেকে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
আরো আসামি ধরার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা আরো জানান, গত ৩ ও ৪ মার্চ জামায়াত-শিবিরের ডাকা হরতালে বগুড়া সদরসহ ছয়টি উপজেলায় ব্যাপক সহিংসতা, লুটপাট, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এসব সহিংসতায় মহিলাসহ ১১ জন নিহত হয়।
এসব অভিযোগে লক্ষাধিক জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
