স্থলসীমান্ত চুক্তি অনুমোদনে সমর্থন চান মনমোহন
বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি ও এর প্রটোকল অনুসমর্থনের জন্য সংবিধান সংশোধনের বিলে সমর্থন দিতে ভারতের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং।
শিগগিরই এ বিল পার্লামেন্টে তোলা হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় মনমোহন এ আহ্বান জানান।
সংবিধান সংশোধনের বিল পাস হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, “দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য পার্লামেন্টের উভয়কক্ষের (রাজ্য সভা ও লোকসভা) স্থল সীমান্ত চুক্তি অনুমোদন দেয়ার মতো প্রজ্ঞা রয়েছে।”
গত ১৩ ফেব্রুয়ারি পার্লামেন্টে উত্থাপনের জন্য প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিল অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা। চলতি বাজেট অধিবেশনেই তা পার্লামেন্টে তোলা হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাম্প্রতিক ঢাকা সফরকে বাংলাদেশের জনগণ ও সরকার গভীরভাবে স্বাগত জানিয়েছে।
“আমি আশা করছি স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের মাধ্যমে সব রাজনৈতিক দলও একই ধরনের প্রজ্ঞার পরিচয় দেবে।”
ভারত-বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতির জন্য এই চুক্তি অনুমোদন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের সঙ্গে ১৯৭৪ সালে সাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি এবং ২০১১ সালের সেপ্টেম্বরে সই হওয়া এই সংক্রান্ত প্রটোকল ভারতের পার্লামেন্টে অনুমোদন না হওয়ায় তা এখনো কার্যকর হয়নি।
গত বছর সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় প্রতিবেশী দুই দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটি রূপরেখা ছাড়াও স্থলসীমা নিয়ে একটি প্রটোকল এবং কয়েকটি সমঝোতা স্মারক সই হয়।
সংবিধান সংশোধনীর এই প্রস্তাব পাস করানোর জন্য ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় অন্তত দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার যদিও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের তা নেই।
এছাড়া প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) এই বিলের বিরোধিতা করবে বলে ধারণা করা হচ্ছে। ছিটমহল বিনিময়সহ গত বছর বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্বাক্ষরিত প্রটোকলের বিরোধিতাকারী আসামের আঞ্চলিক দল আসাম গণ পরিষদের সঙ্গে জোট বাধায় বিজেপির বিরোধিতার সম্ভাবনা আরো প্রবল হয়েছে।
এই প্রস্তাবের পক্ষে সমর্থন আদায়ের জন্য গত কয়েক মাস ধরে ভারতের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
এই চুক্তি ও প্রটোকল কার্যকর হলে বাংলাদেশে ভারতের ১১১টি ছিটমহল ও ভারতে বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময় করবে দুই দেশ।
