বিস্ফোরণ নিরাপত্তা ঘাটতিতে নয়: পুলিশ প্রধান
শাহবাগের প্রজন্ম চত্বরে নারী জাগরণ সমাবেশে বোমা বিস্ফোরণ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ঘাটতির কারণে ঘটেনি বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।
বিস্ফোরণের প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, “নিরাপত্তার ঘাটতির কারণে এটা ঘটেনি। এটা একটি অপ্রত্যাশিত ঘটনা। পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখছি।”
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশের মূল মঞ্চের ১০০ গজের মধ্যে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে এক র্যাব সদস্য আহত হন।
হাসান মাহমুদ বলেন, “শাহবাগের প্রজন্ম চত্বরকে ঘিরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল ও আছে। এখানে যারা আন্দোলন করছেন তারা একটি চেতনা নিয়ে আন্দোলন করছেন, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের মধ্যেও চেতনাবোধ কাজ করে।”
কারা এ ঘটনায় জড়িত থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের পরই তা বলা যাবে।
এ সময় পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
