ফরিদপুরে ১০টি পাটের গুদাম ভস্মীভূত
ফরিদপুর সদরের কানাইপুর বাজারে ১০টি পাটের গুদামসহ অন্তত পঞ্চাশটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, ফরিদপুর ও বোয়ালমারী থেকে দমকলের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বাজারের ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে বলেন, বাজারের একটি পাটের গুদামের পেছনদিক থেকে দুপুর দেড়টার দিকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এতে ২০ হাজার মণ পাট, কয়েকহাজার মণ মসুর, ধান, ধনিয়াসহ মুদি দোকানের মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।
