২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১১ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ২৪

বঙ্গোপসাগরের মহেশখালী ও কুতুবদিয়া চ্যানেলে ১১টি মাছ ধরার ট্রলারে ডাকাতির খবর পাওয়া গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার ও বৃহস্পতিবার ওইসব ডাকাতির ঘটনায় ২৪ জেলে আহত হয়েছে বলেও জানিয়েছেন ট্রলার মালিকরা।

ডাকাতির ঘটনা পুলিশকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ডাকাতদের হামলায় আহতদের মধ্যে রয়েছেন কুতুবদিয়ার কৈয়ারবিল বিন্দাপাড়ার সাইফুল ইসলামের ছেলে হারুনর রশিদ (২৩), কৈয়াবিল মলমচর গ্রামের শরবত আলীর ছেলে হেলাল (৩২), দক্ষিণ ধুরুং ইউনিয়নের আবদুল খালেকের ছেলে শামীম (২৪), লেমশীখালী ইউনিয়নের মোজাফফরের ছেলে মো. নয়ন (২৮), মহেশখালীর আনছার (৪৫), সোলতান (৪০), হাসান শরিফ (২৬), মীর কাসেম (২৪), খালেক (৩০), আব্দুর রশিদ (৩৪), নুরুল ইসলাম (৩৫), মো. কাসিম মাঝি (৪০), পেঠান আলী (২৮) ও বান্ঠালী (৪০)।

তাদেরকে সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য ১০ জনকে মহেশখালী ও কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

আহত আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোরে সাগরের গুলিরদারে দস্যুরা তার ট্রলারসহ মোট চারটি ট্রলারে হামলা চালায়।

মহেশখালী উপজেলার বাসিন্দা এফবি শাহ আমানতের মাঝি আনছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ভোরে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি করে বোটে থাকা ৫ জনকে আহত করে। এসময় মাছ, জাল, তেলসহ প্রয়োজনীয় মালামাল লুট করে।

তিনি আরো জানান, দস্যুরা কুতুবজুমের খোন্দকার পাড়ার রহমত উল্লাহর ১টি, কামিতার পাড়ার ইউনুচ মাঝির ১টি, মেহেরীয়া পাড়ার মোহাম্মদ ছিদ্দীকের ২টিসহ ১০টিরও বেশি ট্রলারে ডাকাতি হয়েছে। আহত হয়েছে ১০ জন মাঝি-মাল্লা।

বৃহস্পতিবার সকালে জলদস্যুরা কুতুবদিয়ার এফবি আল্লাহ দান ফিশিং ট্রলারে ডাকাতি চালায়। একে গুলিবিদ্ধ হয়েছে কুতুবদিয়ার চার জেলে।

কুতুবদিয়া থানার পরিদর্শক আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “সাগরে দস্যুতা হলে আমাদের করার কিছু নেই। অভিযোগ নিয়ে এলে ব্যবস্থা নেয়া হবে।”

মহেশখালী থানার পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  জলদস্যুদের বিষয় পুলিশ সর্তক রয়েছে। ইতোমধ্যে সোনাদিয়ার জলদস্যু জাম্বুকে গ্রেপ্তার করা হয়েছে।