২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিরোধ কমিটি করার নির্দেশ প্রশাসনে’

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটি করতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার সচিবালয়ে হরতাল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেন, “সব শ্রেণি ও পেশার প্রতিনিধিদের নিয়ে এসব কমিটি করা হবে।”

বুধবার সংসদ অধিবেশনে বক্তৃতায় দেশজুড়ে জামায়াতের সাম্প্রতিক তাণ্ডবকে একাত্তরের সঙ্গে তুলনা করে তৃণমূল পর্যায় পর্যন্ত সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কমিটিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির পাশাপাশি আলেমদেরও রাখার পরামর্শ দেন তিনি। 

গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশের বিভিন্ন স্থানে এই তাণ্ডব শুরু করে জামায়াত-শিবির কর্মীরা। পুলিশ, সরকারি স্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা।

বিভিন্ন স্থানে সংঘর্ষে গত মঙ্গলবার পর্যন্ত সাত পুলিশসহ ৬৭ জন নিহত হয়েছেন বলে সংসদে জানানো হয়েছে। 

Image
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু

বতর্মান পরিস্থিতিকে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের যুদ্ধ’ অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মধ্যে এ রাজনৈতিক যুদ্ধ শুরু হয়েছে।”

বিরোধীদলের নেতা খালেদা জিয়া স্বাধীনতার মাস মার্চকে ‘সহ্য করতে পারেন না’ মন্তব্য করে টুকু বলেন, “৭ মার্চের চেতনা ম্লান করে দেয়ার জন্যই বৃহস্পতিবার হরতাল করা হয়েছে।”

‘প্রতিশোধ নয় নিরাপত্তা’

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সারা দেশে জামায়াতের তাণ্ডব প্রতিরোধে সরকার প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেয়নি, বরং জনগণের জানমাল রক্ষার ব্যবস্থা পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার হরতালে চাঁপাইনবাবগঞ্জে এক যুবলীগ কর্মী নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে সচিবালয়ে নিজের কক্ষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “নিরাপত্তাবাহিনীর তরফ থেকে বা আওয়ামী লীগের তরফ থেকে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়া হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিয়েছে তা প্রতিরক্ষামূলক ও জনগণের জানমাল রক্ষার জন্য।

সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে মন্ত্রী বলেন,  “জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা সমর্থ হয়েছি।” 

জামায়াতের তাণ্ডবের পর সাধারণ মানুষের আতঙ্ক নিরসনে কি পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, মানুষের ভেতরে কোনো আতঙ্ক নেই।

বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে কি পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে মহীউদ্দীন খান বলেন, “জামায়াত-বিএনপি সংখ্যালঘুদের ওপর যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা জাতির জন্য লজ্জার। ক্ষতিগ্রস্তদের জন্য প্রাথমিকভাবে ত্রাণ ও পুনর্বাসনের পদক্ষেপ নেয়া হয়েছে।”

‘সংখ্যালঘুদের’ ওপর হামলাকারীদের কাপুরুষ আখ্যায়িত করে মন্ত্রী বলেন, “কাপুরুষতার জন্য এবং জনদ্রোতীতার  জন্য এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তা নেয়া হবে।” 

Image
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বৃহস্পতিবারের হরতাল সফল হয়নি দাবি করে মন্ত্রী বলেন, যে উদ্দেশ্যে তারা হরতাল ডেকেছিল তা সফল হয়নি। বেআইনি হরতালে যারা হত্যা লুণ্ঠন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অ্যমনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত প্রতিবেদনকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০০১ সালে যথন খালেদা জিয়ার সরকার আমাকে গ্রেপ্তার করেছিল এবং ওয়ান ইলেভেনের সময় আমাকে যথন গ্রেপ্তার করা হয়েছিল- তখন অ্যমনেস্টি প্রতিবাদ জানিয়েছিল।”

‘বাংলাদেশ: হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংস হামলা’ শিরোনামে বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে অ্যামনেস্টি বলে, সম্প্রতি একটি ইসলামপন্থী দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে ৪০টি মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সপ্তাহজুড়ে হামলায় হিন্দুদের দোকান ও বাড়িতে আগুন দেয়ায় কয়েকশ মানুষ গৃহহীণ হয়েছে।

হিন্দুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা জানিয়ে তাদের সুরক্ষা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

পুরনো খবর:

সর্বত্র সন্ত্রাস প্রতিরোধ কমিটি করুন: হাসিনা