২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বত্র সন্ত্রাস প্রতিরোধ কমিটি করুন: হাসিনা

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে সাম্প্রতিক জামায়াতি তাণ্ডবের প্রেক্ষাপটে প্রতিরোধের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 01:44 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার সংসদ অধিবেশনে বক্তৃতায় তিনি এই তাণ্ডবকে একাত্তরের সঙ্গে তুলনা করে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিরোধ কমিটি গঠন করতে বলেছেন।

কমিটিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির পাশাপাশি আলেমদেরও রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়ের পর দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব শুরু করে তার দলের কর্মীরা। 

বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা হয়, আগুন দেয়া হয় ট্রেইনে। ভাংচুর হয় ঘর-বাড়ি-দোকান। সড়কে চলে ভাংচুর। হামলা হয় হিন্দুদের ওপরও। সহিংসতায় নিহত হন ৬৭ জন।

এই তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ঠিক একাত্তরের মতো। একাত্তরে সালে এইভাবে ঘটনা ঘটিয়েছিল। আজ জামায়াতের সঙ্গে বিএনপি মিলে এই ঘটনা ঘটাচ্ছে।”

যুদ্ধাপরাধের বিচার বানচালেই এই তাণ্ডব- মন্তব্য করে তিনি বলেন, “বিচার যখন চলছে, তাদের রক্ষার জন্য একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমাদের সাধারণ জনগণকে হত্যা করেছে। এক প্রকৌশলীকে হত্যা করেছে। বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় আগুন দেয়ার ঘটনায় তিনি বলেন, “আমরা আলো দিয়েছিলাম, জামায়াত তাদের অন্ধকারে ঠেলে দিয়েছে।”

“রেলের ওপর আঘাত হচ্ছে, বাস পোড়াচ্ছে, চলন্ত গাড়ি থেকে চালককে নামিয়ে তার গায়ে পেট্রল ঢেলে আগুন দিচ্ছে। হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে।”

একাত্তরে জামায়াতের ভূমিকা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “তারা তখন মানুষ খুন করেছে, মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে...।

“শিবিরের যারা নতুন প্রজন্ম আছে আমি তাদের জিজ্ঞাসা করব এবং বলব এই যে অপকর্মগুলো তারা করেছে তারা কি সেটা দেখতে পায় না?”

এই তাণ্ডব চালানো মানুষের সংখ্যা খুব কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “কম বলেই তারা জ্বালাও-পোড়াও করে যাচ্ছে।”

এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্পিকারের মাধ্যমে আমি প্রত্যেক সংসদ সদস্যকে অনুরোধ করব নিজ নিজ এলাকাসহ প্রতিটি এলাকায় যাবেন।”

Image
সংসদে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে সব শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ দেন।

“আলেম-ওলামা, সংসদ সদস্য এবং সব জনগণকে আমি আহ্বান জানাই- যারা মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদের প্রতি আমার আহ্বান- আপনারা প্রত্যেক উপজেলায়, জেলায়, ইউনিয়ন, ওয়ার্ড প্রতিটি জায়গায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গড়ে তুলুন।”

জুমার নামাজের পর তাণ্ডব শুরুর দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন,  “নামাজের আগে স্লোগান দিয়ে বেরিয়ে আসে? কোন ধরনের মুসলমান এই জামায়াত-শিবির?

যুদ্ধাপরাধীদের রক্ষা করতে গিয়ে নিজেদের সর্বনাশ না করতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।