২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতে গেলেন আ. লীগ নেতা

গাইবান্ধার পলাশবাড়ী আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদককে জামায়াতে ইসলামীতে যোগ দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 10:55 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

আওয়ামী লীগের এই নেতা মতলুবর রহমান ওরফে মতলু হাজীও দলবদলে বাধ্য হওয়ার কথা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি পরিস্থিতির শিকার। এছাড়া তার আর কোনো উপায় ছিল না।”

উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মতলুবর রহমান ওরফে মতলু হাজী (৫৫) ১৯৯০ সালে উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ নিয়ে রাজনীতি শুরু করেন।

২০০৩ সালে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে দলের উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক পদে অন্তর্ভুক্ত হন। উপজেলা সদরের কালীবাড়ী বাজার রোডের আয়নুল হক মার্কেটের ‘ইমা’ এন্টারপ্রাইজ নামে মতলুবর রহমানের একটি রড-সিমেন্টের দোকান রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়ার পর বিকালে জামায়াত-শিবিরকর্মীরা গাইবান্ধায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেল স্টেশনে হামলা চালায়। এদিন ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবির কর্মীরা।

সংঘর্ষের এক পর্যায়ে তারা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এদিন বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ছয় জন নিহত হন।

এরপর ৩ মার্চ জামায়াতের হরতালের দিন আবারো সুন্দরগঞ্জে হামলা চালিয়ে এক দোকানদারকে পিটিয়ে হত্যা করে তারা।

এর পরপরই উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির সুরা ও কর্মপরিষদ সদস্য রুহুল আমিনের সঙ্গে দেখা করে আওয়ামী লীগ নেতা মতলু হাজী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধান বলেন, “মতলুবর রহমান পরিস্থিতির শিকার। জামায়াত অধ্যুষিত এলাকায় তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় তাকে ভয়ভীতি দেখিয়ে জামায়াতে যোগদান করতে বাধ্য করা হয়েছে।”

অবশ্য উপজেলা জামায়াত আমীর সাইদুর রহমান দাবি করেছেন, জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি তাদের দলে যোগ দিয়েছেন।