২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংসদদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি’

বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটক চার নারী সাংসদকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 06:27 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

তিনি বলেন, “পুলিশ মহিলা সংসদ সদস্যদের যেভাবে টেনে হেঁচড়ে আটক করেছে, তা গণমাধ্যমের সাংবাদিকরা দেখেছেন। সংসদ চলাকালে এভাবে সংসদ সদস্যদের গ্রেপ্তার নজির বিহীন ঘটনা।”

বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তার। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা রাস্তায় বসে পড়েন।

পরে মহিলা পুলিশের একটি দল এসে তাদের টেনে হেঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মাইক্রোবাসটি যাওয়ার পথে বিএনপি কার্যালয়ের থেকে ১০০ গজ দূরে গাড়ির ভেতরে ধস্তাধস্তির সময় দড়জা খুলে গিয়ে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার ও পুলিশ কনস্টেবল শরীফা।

পরে পুলিশ গাড়ি থামিয়ে আবার তাদের তুলে নেয়।

Image
বিএনপি অফিসের সামনে রাস্তায় বসে পড়ার পর চার সাংসদকে আটক করে নিয়ে যায় পুলিশ

বিএনপি অফিসের সামনে রাস্তায় বসে পড়ার পর চার সাংসদকে আটক করে নিয়ে যায় পুলিশ

বিরোধী দলীয় প্রধান হুইপ অভিযোগ করেন, “সরকার আমাদের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। শান্তিপূর্ণ হরতাল চলছে। এরপরও পুলিশ-র‌্যাবসহ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়ন চলছেই।”

“আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার যতো নির্যাতন চালাবে, আন্দোলন ততো কঠোর হবে। সরকার পতনের এক দফা আন্দোলন চলবেই।”

পুলিশ দিয়ে কার্যালয় অবরুদ্ধ করে রেখে আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

ভোর থেকেই নয়া পল্টনের দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কার্যালয়ের অপর পাশে সড়কে অবস্থান নেন র‌্যাব সদস্যরা।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, সুলতান সালাহউদ্দিন টুকু,বেলাল আহমেদসহ ১০/১২ জন কর্মী সকাল থেকেই কার্যালয়ের কলাপসিবল গেইটের ভেতরে অবস্থান করছিলেন।

পুলিশ বাইরে থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না বলে জানান তারা।