জগৎজ্যোতি হত্যা: ৫০ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটের ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি তালুকদারকে হত্যার ঘটনায় মহানগর জামায়াতের নায়েবে আমীর ও শিবির সভাপতিসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ আব্দুল হাই হারুন, সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম, মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপুসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২৫ জনকে আসামি করা হয়েছে এজাহারে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জগৎজ্যোতি ছিলেন সিলেটে গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী । গত শনিবার রাতে নগরীর আখালিয়ায় জামায়াত-শিবিরের হামলায় মারা যান তিনি।
ওই হামলায় গুরুতর আহত জুয়েল আহমদ নামের অপর ছাত্রলীগ কর্মী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
