চট্টগ্রামে বাস-ট্রাকে অগ্নিসংযোগ
হরতালের আগের রাতে বন্দর নগরীতে একটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
বুধবার রাত পৌনে ১০ টার দিকে নগরীর একে খান গেট এলাকায় বাসে এবং কোতোয়ালী থানাধীন টাইগার পাস এলাকায় ট্রাকে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিন বিকেলে নয়া পল্টনে সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর ৭ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। বিএনপির এই কর্মসূচির সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামীও।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১০ টার দিকে একে খান গেট এলাকায রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়।
তিনি আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ার আগেই পাশে থাকা পুলিশের টহল দল আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে, টাইগার পাস ও দেওয়ান হাট ব্রিজের মাঝামাঝি এলাকায় খড় বোঝাই এটি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি দেওয়ান হাটের দিকে যাওয়ার সময় কয়েকজন যুবক এতে আগুন দেয়।খড়গুলো পুড়ে গেলেও ট্রাকের কোন ক্ষতি হয়নি।
