বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান স্পিকারের
বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের বিকাশ ত্বরান্বিত করতে হলে সরকারি, বিরোধী দল নির্বিশেষে সবাইকে সংসদ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদকে সত্যিকার অর্থে কার্যকর ও জনকল্যাণমুখী করার ব্যাপারে সরকারি ও বিরোধী দলের সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।
“আমি ঐকান্তিকভাবে চাই, প্রধান বিরোধী দল জনগণের প্রত্যাশা পূরণে তাদের ইতিবাচক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সংসদ অধিবেশনে যোগদান করবেন এবং মূল্যবান অবদান রাখার প্রচেষ্টা চালিয়ে যাবেন।”
স্পিকার বলেন, অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ এই অধিবেশনকে মহিমান্বিত ও বৈশিষ্টমন্ডিত করেছে। আপনারা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে মূল্যবান বক্তব্য দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন।
“মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চার দশক পরে হলেও মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি মামলার রায় হয়েছে। মামলার রায়কে কেন্দ্র করে গত কয়েক দিনে দেশব্যাপী বেশ কিছু অপ্রীতিকর ও সহিংস ঘটনা ঘটেছে যা কোনভাবেই কাম্য নয়।
“এ ব্যাপারে সংসদে অনেক মাননীয় সংসদ সদস্য বক্তব্যও রেখেছেন। আইন তার নিজস্ব গতিতে চলবে। গণতান্ত্রিক সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করা।”
আবদুল হামিদ বলেন, কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপব্যাখ্যার কারণে জনগণ যাতে বিভ্রান্ত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কোন পক্ষ যাতে ফায়দা লুটতে না পারে এবং ধ্বংসাত্মক কর্মকান্ডের মাধ্যমে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
“মনে রাখতে হবে দেশ সবার উপরে। ব্যক্তি ও দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে দেশ ও জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। কেউ যাতে আমাদের মুক্তিসংগ্রাম, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে না পারে সে লক্ষ্যে নিরলস প্রয়াস চালাবেন-এটাই দেশবাসীর প্রত্যাশা।”
স্পিকার জানান, ২৭ জানুয়ারি শুরু হওয়া সংসদের এবারের অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৫টি। রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে ১৯২ জন সংসদ সদস্য ৪৬ ঘণ্টা আলোচনা করেন।
এ অধিবেশনে ২৪টি বিলের মধ্যে ১৩টি বিল পাস হয়েছে। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ২২৪টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ১২টি নোটিশ গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ৬টি সংসদে আলোচিত হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের জন্য আলোচিত নোটিশের সংখ্যা ৪৫টি।
প্রধানমন্ত্রীর উত্তর দেয়ার জন্য ২০৩টি প্রশ্ন পাওয়া যায়।যার মধ্যে প্রধানমন্ত্রী ৬৯টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের উত্তরদানের জন্য চার হাজার ১৪৪টি প্রশ্নের মধ্যে তারা দুই হাজার ৪৬৯টি প্রশ্নের জবাব দেন।
এছাড়া বিভিন্ন মন্ত্রী সমসাময়িক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিবৃতি দেন বলে জানান স্পিকার।
সংসদ পরিচালনায় সহায়তা দেয়ার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপ, মন্ত্রিসভার সদস্য, সাংসদসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে রাষ্ট্রপতির ভাষণের উপর প্রধান হুইপের ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে দিলে তা সংসদে গৃহীত হয়।
একজন স্বতন্ত্র সাংসদসহ বিরোধীদলের সাংসদরা রাষ্ট্রপতির ভাষণের উপর এক হাজারের বেশি সংশোধনী প্রস্তাব দিলেও তারা সংসদে উপস্থিত না থাকায় তা সংসদে উত্থাপতি হয়নি।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পাঠানো ঘোষণাপত্র পাঠ করে সংসদ অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার।
