জঙ্গিবাদের বিরুদ্ধে ওলামাদের সমাবেশ
জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং মসজিদের পবিত্রতা রক্ষায় নেত্রকোনা ও সুনামগঞ্জে বুধবার সমাবেশ ও শোভাযাত্রা করেছেন ওলামারা মাশায়েখরা।
নেত্রকোনায় সমাবেশ হয় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে।
আর ওলামা মাশায়েখ ও ইমাম মোয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশ করে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
নেত্রকোনায় প্রতিনিধি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বকুলতলা থেকে ‘নৈরাজ্যের বিরুদ্ধে, শান্তির পক্ষে’ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
একইস্থানে ফিরে এসে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল আহাদের সভাপতিত্বে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া পারভীন, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আবুল হাসেম।
ধর্মের নামে অপপ্রচার চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে এসব ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তারা।
উপজেলার বিভিন্ন মসজিদের ও প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক ইমাম এতে অংশ নেন। এছাড়া জেলার নয়টি উপজেলায়ও ওলামাদের শোভাযাত্র ও সমাবেশ হয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের সমাবেশে সমাবেশে প্রায় দুই শতাধিক ওলামা-মাশায়েখ অংশ নেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।
এতে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামীন চৌধুরী, পুলিশ সুপার মো. নুরে আলম মিনা, মাওলানা আনোয়ার হোসেন, হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা গোলাম মওলা, মালানা ইমদাদুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
