২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরে ৩৭ দেশের সঙ্গে ১৩৮ চুক্তি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের চার বছরে ৩৭টি দেশের সঙ্গে ১৩৮টি চুক্তি ও সমঝোতা স্মারক এবং প্রটোকল স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 11:38 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার সংসদে মো. শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত এসব চুক্তি ও সমঝোতা স্মারক এবং প্রটোকল স্বাক্ষরিত হয়।

এরমধ্যে সর্বাধিক ৪১টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতের সঙ্গে।

এর বাইরে সৌদি আরবের সঙ্গে দুটি, তুরস্কের সঙ্গে ১১টি, সংযুক্ত আরব আমিরাতের দুই, ইরানর সঙ্গে দুই, জর্ডানের সঙ্গে দুই, কুয়েতের সঙ্গে সাত, ইন্দোনেশিয়ার সঙ্গে এক, মালয়েশিয়ার সঙ্গে চার, মায়ানমারের সঙ্গে দুই, ভিয়েতনামের সঙ্গে চার, লাওসের সঙ্গে এক, থাইল্যান্ডের সঙ্গে তিন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক, কানাডার সঙ্গে এক, চিলির সঙ্গে এক, মরিশাসের সঙ্গে এক, মিশরের সঙ্গে এক, দক্ষিণ সুদানের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এ ছাড়া রুয়ান্ডার সঙ্গে একটি, মরক্কোর সঙ্গে এক, চীনের সঙ্গে ১২, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১৩, জাপানের সঙ্গে ছয়, অস্ট্রেলিয়ার সঙ্গে এক, উত্তর কোরিয়ার সঙ্গে এক, ক্রোয়েশিয়ার সঙ্গে এক, জার্মানির সঙ্গে এক, নরওয়ের সঙ্গে এক, বেলারুশের সঙ্গে ১২, রাশিয়ার সঙ্গে নয়, ইউক্রেনের সঙ্গে দুই, গ্রিসের সঙ্গে দুই, সুইজারল্যান্ডের সঙ্গে এক এবং নেদারল্যান্ডসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, বর্তমান সরকারের চার বছরে পরিবেশ অধিদপ্তর ৪৩২টি দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩২ দশমকি ৮৩ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করে এক কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এছাড়া অধিদপ্তর ১১টি পলিথিন তৈরির কারখানা উচ্ছেদ এবং ৫৫টি কারখানা বন্ধ করে দিয়েছে।

সাইফুজ্জামান চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার ২০১২-১৩ অর্থবছরে কৃষিতে ভর্তুকির জন্য ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এছাড়া ২০০৯-১০ বছরে চার হাজার নয়শ কোটি, ২০১০-১১ বছরে পাঁচ হাজার ৭০০ কোটি এবং ২০১১-১২ বছরে সাত হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। 

এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বিদ্যালয়ে গমনোপযোগী ৯৯ দশমিক ৪৭ শতাংশ শিশুকে স্কুলে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকাল পৌনে ৪টায় স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।