২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস পেরোলো তারুণ্যের জাগরণ

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে হাজারো তরুণ যে শাহবাগ চত্বরে হয়েছিলেন জমায়েত, মাস পূর্ণ করে তা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়, স্বতঃস্ফূর্ত।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 11:02 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

পুরনো খবর:

‘পাড়ায় পাড়ায় ব্রিগেড গড়ে তুলুন’
শাহবাগে এবার ‘নারী জাগরণ সমাবেশ’

এরই মধ্যে তরুণদের দাবির সঙ্গে একাত্ম হয়েছেন সরকারের মন্ত্রী-সাংসদ থেকে শুরু করে সব শ্রেণির মানুষ। পাড়ায়-মহল্লা ও বিদ্যায়তনে জাতীয় পতাকা উড়িয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার শপথ নিয়েছেন তারা।

প্রবাস থেকেও এসেছে সংহতির বার্তা।

গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে এই আন্দোলনের সূচনা হলেও পরবর্তীতে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান ওঠে লাখো কণ্ঠে। সঙ্গে যুক্ত হয় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি।

রিকশাচালক থেকে মন্ত্রী, স্কুল শিক্ষার্থী থেকে মুক্তিযোদ্ধা সবার হাতে প্রদীপ জ্বলেছে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রতিরোধের মিছিলে রাজপথে নেমেছে হাজারো ছাত্র-যুবা।

দুর্বার আন্দোলনের মুখে আন্দোলনের ১৭তম দিনে রায়ে ঘোষিত সাজা বাড়াতে আপিল এবং যুদ্ধাপরাধী দলের বিচারের সুযোগ সৃষ্টি করে আইন সংশোধন করা হয়।

তারপরও ঘরে না ফেরার শপথে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্বাপ্নিক মানুষগুলো রয়ে গেছেন রাজপথে। চলছে জাগরণের গান, দাবির পক্ষে স্বাক্ষর সংগ্রহ।

জাগরণের এই আন্দোলন শাহবাগের বাইরে ছড়িয়ে দিতে ইতোমধ্যে রায়েরবাজর বধ্যভূমিসহ রাজধানীর পাঁচটি স্থানে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান এবং ৮ মার্চ শাহবাগে করা হবে নারী জাগরণ সমাবেশ।

দাবি আদায়ে যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে চলমান গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। শুধু শাহবাগেই পাঁচ লাখের বেশি মানুষ এতে সই করেছেন বলে জানিয়েছে গণজাগরণ মঞ্চ।