২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে এবার ‘নারী জাগরণ সমাবেশ’

একাত্তরে নির্যাতিত নারীদের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবসে ‘নারী জাগরণ সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

রিয়াজুল বাশার

সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতম, কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

রোববার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সমাবেশে এ ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, “আপনারা জানেন একাত্তরে নারীদের ওপর কীভাবে নির্যাতন চালানো হয়েছিল। সেই নারী নারীদের প্রতি আমাদের আজন্ম শ্রদ্ধা। আপনারা জানেন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমরা নারী জাগরণ সমাবেশ আহ্বান করেছি।”

ওই দিন বেলা ৩টায় মুক্তিযুদ্ধের পক্ষের নারী সংগঠনগুলোকে গণজাগরণ মঞ্চের এই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের তাদের বিচারের দাবি জানানো হয়।

ইমরাইন এইচ সরকার বলেন, “দেশের বিভিন্নস্থানে হিন্দু ভাইয়ের ঘড়বাড়ি ও মন্দিরে হামলা ও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বৌদ্ধ মন্দিরেও হামলা করা হয়েছে। হামলাকারী এসব নির্লজ্জ হায়েনাদের ধিক্কার জানিয়ে হুঁশিয়ার করছি, একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের যেমন বিচার হচ্ছে, তেমনি বাংলার মাটিতে আপানাদেরও বিচার হবে।”

এজন্য হামলাকারীদের চিনে রাখা এবং তাদের তালিকা তৈরির জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

‘কিছু মানুষ’ টকশো ও নানা মাধ্যমে আন্দোলন নিয়ে ‘বিভ্রান্ত ও কুৎসা’ রটানোর ‘অপচেষ্টা’ করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

ইমরান এইচ সরকার বলেন, “কিছু রাজনৈতিক নেতা বলে বেড়াচ্ছেন, আমাদের ওপর কোনো কোনো মহলের মদদ আছে। এটা সত্যি যে, আমাদের ওপর শহীদদের মদদ রয়েছে, যাদেরকে আপনারা মুক্তিযুদ্ধে হত্যা করেছিলেন।”

তিনি জাতীয় প্রেসক্লাব থেকে জামায়াত নেতা তাসনীম আলমকে বহিষ্কারের আহ্বান জানান।

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে দুপুরের পর থেকে হাজারো মানুষ পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে জড়ো হতে শুরু করেন। । শাহবাগের বাইরে রায়েরবাজার, মিরপুর ও মতিঝিলের পর এটি ছিল গণজাগরণ মঞ্চের চতুর্থ সমাবেশ।

বিকেল তিনটা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। শুরুতেই বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা করা হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়ার পর গত কয়েকদিনে জামায়াত শিবিরের তাণ্ডবে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বক্তব্য দেন প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বক্তব্যে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে তারা কাজ করার আহ্বান জানান।

ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, “যারা এ অহিংস আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করছে আমরা ঐক্যবদ্ধভাবেই তাদের প্রতিহত করবো।”

গণজাগরণ মঞ্চ নিয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বক্তব্যের সমালোচনা করে ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ বলেন, “খোকা বলেছেন, জনগণকে নিয়ে শাহবাগের আন্দোলন প্রতিহত করা হবে। এই জণগন কারা খোকাকে পরিষ্কার করতে হবে। কারণ স্বাধীনতাবিরোধীরা এদেশের জনগণ হতে পারে না।”

কাদের সিদ্দিকীর সমালোচনা করে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, “আপনি আর বঙ্গবীর নেই। বাংলার মানুষ এখন আপনাকে ডাকে নব্য বঙ্গ রাজাকার হিসেবে।” 

অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তফসীর, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, বাংলাদেশে ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তমাল প্রমুখ।

এছাড়াও সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি নাজিবুল্লাহ হিরু। এ সময় তিনি ঘোষণা দেন, ব্লগার রাজীব হত্যাকাণ্ডের মামলায় আসামি পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী লড়বে না।

স্থায়ী মঞ্চ হচ্ছে প্রজন্ম চত্বরে

গণজাগরণের ২৭তম দিনে শাহবাগ ফুলের দোকান ও জাতায় জাদুঘরের সামনের রাস্তায় তৈরি হচ্ছে স্থায়ী মঞ্চ।

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “যেহেতু আমরা চুড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব, তাই এখানে একটি স্থায়ী মঞ্চের প্রয়োজন ছিল।”

সোমবার থেকেই স্থায়ী মঞ্চটি ব্যবহার করা যাবে বলে বলেন তিনি।

৪২ ফুট দীর্ঘ, ২৪ ফুট প্রশস্ত ও ৫ ফুট উচ্চতার এই মঞ্চ তৈরি হচ্ছে।

গত ৫ ফেব্রুয়ারি আন্দোলন শুরু হলেও এতদিন কোনো মঞ্চ ছিল না। রাস্তার ওপরই কখনো দাঁড়িয়ে অথবা বসে বক্তব্য দেয়া হত। সমাবেশের দিন ছোট একটি ট্রাকের ওপর নেতারা দাঁড়াতেন।

পুরনো খবর:

হরতাল প্রতিহতের মিছিলে হাজারো জনতা
শাহবাগের গণজাগরণ মিলেছে পুরান ঢাকায়