হরতাল প্রতিহতের মিছিলে হাজারো জনতা
যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতের হরতাল প্রতিহতের ডাকে শাহবাগের গণগাজরণ মঞ্চের মিছিলে যোগ দিয়েছে হাজারো জনতা।
রোববার বেলা পৌনে এগারোটায় শাহবাগ থেকে হাজার হাজার জনতা চলতে শুরু করে কাঁটাবনের দিকে। নীলক্ষেত হয়ে মিছিলটি পৌঁছে পলাশীর মোড়ে। এরপর বকশীবাজার, চানখাঁরপুল, দোয়েল চত্বর, বাংলা একাডেমীর সামনে দিয়ে টিএসসি হয়ে সোয়া ১২টার দিকে শাহবাগে ফিরে আসে মিছিলটি।
এরপর শাহবাগ চত্বরে রাজাকারদের ফাঁসি এবং জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে স্লোগান চলতে থাকে।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয় বিক্ষোভ মিছিলে
মিছিলের সামনের দিকে ছিলেন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ, ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ, জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তাফসির, ছাত্রমৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসুসহ বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গণমিছিলের সামনে-পেছনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ডাকা জামায়াত-শিবিরের এই হরতাল ও সারাদেশে ‘সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি’ সৃষ্টির প্রচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে এই মিছিলের কর্মসূচি দেয়া হয়েছিল।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিকাল ৩টায় পুরান ঢাকার বাহদুর শাহ পার্কে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
এর আগে যুদ্ধাপারীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে অন্যান্য দিনের মতো রোববার সকালেও স্লোগানে, স্লোগানে মুখর হয়ে উঠে শাহবাগের ‘প্রজন্ম চত্বর’। গণমিছিলে যোগ দিতে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে শাহবাগে আসতে থাকে বিভিন্ন শ্রেণির মানুষ।
এর আগে বৃহস্পতিবার সাঈদীর রায়ের দিনও জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে মিছিল করে গণজাগরণ মঞ্চ।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকা হয়।
বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনায় মঙ্গলবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের প্রধান শরিক বিএনপি।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসা এই জাগরণ মঞ্চের উদ্যোক্তারা বলছেন, জামায়াত-শিবির সারাদেশে ‘সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি’ সৃষ্টির চেষ্টা করছে। সম্মিলিতভাবে এই চেষ্টা প্রতিহত করতে হবে।
