‘পাড়ায় পাড়ায় ব্রিগেড গড়ে তুলুন’
সহিংস জামায়াত-শিবিরকে প্রতিরোধে পাড়ায়-মহল্লায় ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চে উপস্থিত ছাত্রনেতারা।
মঙ্গলবার বিএনপির ডাকা হরতালের মধ্যে স্বতঃস্ফূর্ত হাজারো মানুষের উপস্থিতিতে যাত্রাবাড়ির সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এ আহ্বান জানান।
শাহবাগের বাইরে রায়েরবাজার, মিরপুর, মতিঝিলের ও পুরান ঢাকার পর এটি ছিল গণজাগরণ মঞ্চের পঞ্চম সমাবেশ।
বিকাল ৪টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্যে ছাত্রনেতারা জনগণকে নিজ নিজ এলাকায় জামায়াত শিবিরকে প্রতিরোধে ব্রিগেড ও কমিটি গড়ে তোলার আহ্বান জানান।
আগের সমাবেশগুলোর মতোই যাত্রাবাড়ি চৌরাস্তায়ও দুইটি ট্রাকের উপর তৈরি করা হয় মঞ্চ।
এর আগে দুপুর ৩টার পর থেকেই ছাত্র-জনতার মিছিল আসতে শুরু করে গণজাগরণের এই সমাবেশে। ৪টার আগেই হাজার হাজার মানুষের স্লোগানে সরব হয়ে উঠে পুরো এলাকা।
তাদের অনেকের মাথায় ও হাতে ছিলো জাতীয় পতাকা, আর মুখে যুদ্ধাপরাধীদের ফাঁসির স্লোগান। সমান তালেই চলতে থাকে দেশাত্মবোধক ও গণসংঙ্গীত।
সমাবেশটি পরিচালনা করছেন ড. রশিদুল হাসান ও খান আসাদুজ্জামান মাসুম।
এদিনে সমাবেশে নিরাপত্তা নজরদারির জন্য বিভিন্ন বহুতল ভবনের ছাদ, রাস্তা ও সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম অভিযোগ করে বলেন, “একাত্তরের পরাজয় ভুলতে না পেরে তারা (জামায়াত) ২০১৩ সালে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে উষ্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।”
তিনি বলেন, “জামায়াত শিবিরকে গণধোলাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। কষ্ট করে শাহবাগে আসতে হবে না।”
দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে জামায়াত প্রচার করছে দাবি করে তিনি বলেন, এটা শিরক। আল্লাহপাক তাদের বিচার করবেন।
এ সময় উপস্থিত জনতা করতালি দিয়ে তার বক্তব্যে সায় দেন।
সিদ্দিকী নাজমুল আলম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্নতা প্রকাশ না করে যুদ্ধাপরাধীদের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন।
সারাদেশে জামায়াত শিবিরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে সবাইকে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় পাহারা দেয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তমাল বলেন, “গণতন্ত্রকে হত্যা করতে জামায়াত তৎপরতা চালাচ্ছে। তারা হরতাল ডেকে জনগণকে জিম্মি করতে চায়।”
“তাদের প্রতিরোধের সময় এসেছে। তারুণ্য সব বাধা উপড়ে ফেলে সামনে এগিয়ে যাবে।”
যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি এসএম শুভ।
“এখানে গণজাগরণ মঞ্চের সমাবেশে হাজারো জনতার উপস্থিতি প্রমাণ করে, বাংলার মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়, বাংলাদেশের রাজনীতিতে মানুষ জামায়াতকে দেখতে চায় না। যেখানেই জামায়াত সেখানেই তাদের প্রতিরোধে কমিটি গড়ে তুলতে হবে।”
যাত্রাবাড়িকে জামায়াত শিবির মুক্ত করে ‘মুক্তাঞ্চল’ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান যাত্রাবাড়ির কুতুবখালী এলাকার এসএম শুভ।
জামায়াতকে ‘গণশত্রু’ বলে ঘোষণা দিলে উপস্থিত জনতা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
বিএনপি ও ছাত্রদল সমর্থকদেরও জামায়াত-শিবিরের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “যুদ্ধাপরাধীরা যখনই অস্তিত্বের সংকটে পড়েছে, তখনই ধর্মকে ব্যাবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করেছে। মুসলিম ভাইদের বলছি, আপনারা মসজিদে নামাজ আদায় করে মন্দির পাহারা দেবেন। আর হিন্দু ভাইয়েরা আর্চনা শেষে মসজিদের নিরাপত্তা দেবেন। যাতে কেউ ধর্মীয় দাঙ্গা সৃষ্টিকরতে না পারে।”
উপস্থিত জনতার উদ্দেশ্য তিনি বলেন, যুদ্ধাপরাধীরা প্রথমে এই আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন বলেছিল। কিন্তু সব ধর্মের মানুষ এ আন্দোলনে অংশগ্রহণ করে তা মিথ্যা প্রমাণ করেছেন। পরে তারা এ আন্দোলনকে রাজনৈতিক লেবেল দিতে চেয়েছিল। কিন্তু অনেক ভিন্ন মতের রাজনৈতিক দলের ছাত্রসংগঠন এ আন্দোলনে অংশ নেয়ায় তারা ব্যর্থ হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
গত এক মাসের আন্দোলনের কথা তুলে ধরে ইমরান বলেন, “জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে আমরা নতুন প্রজন্মের জন্য একটি অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেখানে সংখ্যালঘু ও জঙ্গিবাদ নামে কোনো শব্দ থাকবে না ।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুশমত, বাংলাদেশ ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল শিকদার, বিপ্লবী ছাত্র সংহতির সভাপতি মীর রেজাউল আলম প্রমুখ।
যাত্রাবাড়ির সমাবেশ শেষে ডা. ইমরান পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন সমাবেশ এবং ৮ মার্চ নারী দিবসে শাহবাগে নারী জাগরণ সমাবেশে সবাইকে যোগ দেয়ার আহ্বান জানান।
