২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুঠিবাড়িতে প্রণবের বিশ মিনিট

কুষ্টিয়ার শিলাইদহে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে ২০ মিনিট সময় কাটালেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

এই অল্প সময়ের মধ্যেই তিনি কুঠিবাড়ি পরিদর্শন, বকুল গাছ রোপন এবং তরীতে বসে উৎফুল্ল চিত্তে রবীন্দ্র সঙ্গীত শুনে আপ্লুত হন।

মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটায় কুমারখালীর আলাউদ্দিন নগরে হেলিকপ্টার যোগে এসে নেমে সড়কপথে ৫ কিলোমিটার দূরে কুঠিবাড়ীতে প্রবেশ করেন বিকেল ৫টায়।

তিন স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভারতীয় রাষ্ট্রপতি কুঠিবাড়ি পরিদর্শন শেষে ঐতিহাসিক বকুল তলার পুকুর পাড়ে একটি বকুল গাছের চারা রোপন করেন। এরপর তিনি ঐ পুকুরে রাখা সোনার তরীর আদলে নির্মিত সাদা রঙের পদ্মা বোট নামের তরীতে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত উপভোগ করেন।

বিকাল ৫টা ২০ মিনিটে রাষ্ট্রপতি প্রণব আবার সড়ক পথে হেলিপ্যাড আলাউদ্দিন নগরে রেখে যাওয়া হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।

এসময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

ভারতের রাষ্ট্রপতির শিলাইদহে আগমন উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুই পাশে দাড়িয়ে অপেক্ষা করছিলেন।