২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে গড়ালো গাড়ির চাকা

জামায়াতে ইসলামীর তাণ্ডবে গত পাঁচ দিন ধরে বিভিন্ন মহাসড়কে গাড়ি চলাচলে যে বাধা ছিল, তা অপসারণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 04:32 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

মঙ্গলবার হরতাল শেষে মহাসড়কগুলোতে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের বিভিন্ন স্থানে শুরু হয় জামায়াতি তাণ্ডব।

জামায়াত-শিবিরকর্মীদের হামলার মূল লক্ষ্যস্থল ছিল যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক আটকে দেয়া হয়, ভাংচুর করা হয় গাড়ি।

সাতক্ষীরা, গাইবান্ধা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটের মহাসড়কে সড়ক যোগাযোগ এই কয়দিন প্রায় বন্ধই ছিল বলা যায়।

মহাসড়ক বন্ধ থাকায় বিভিন্ন স্থান থেকে রোগীদের ঢাকায় আনা সম্ভব হচ্ছিল না। মুমূর্ষু কয়েকজন মারাও যান। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহও আটকে যায়।

বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত ওই অবস্থা চলার পর রোব ও সোমবার হরতাল ছিল জামায়াতের। এর সঙ্গে মঙ্গলবার হরতাল ডাকে বিএনপি।

মঙ্গলবারের হরতারের পর বিভিন্ন স্থানে সড়কের প্রতিবন্ধকতাগুলো সরিয়ে নেয় পুলিশ। এরপর গাড়ি চলাচলও পুনরায় শুরু হওয়ার খবর পাওয়া গেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মুহূর্তে কোথাও কোনো ব্যারিকেড নেই। বিকাল থেকেই শহর থেকে বিভিন্ন রুটে গাড়ি ছেড়ে যাচ্ছে।”

এই সংঘাতে পর্যটন শহর কক্সবাজারে আটকে পড়েন বহু পর্যটক। তারা ফিরতে না পেরে বিক্ষোভও করেন।

কক্সবাজারের নিকটবর্তী চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে সড়কজুড়ে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছিল। 

বাবুল আক্তার বলেন, “সর্বশেষ ব্যারিকেডটি ছিল সাতকানিয়া এলাকায়। আমরা কথা বলেছি, এখন ওই এলাকাতেও কোনো সমস্যা নেই।”

দুদিন আগে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ বিমান ও জাহাজযোগে আড়াই শতাধিক পর্যটককে গন্তব্যে পৌঁছানো হলেও আটকে ছিলেন ৫ শতাধিক পর্যটক।

মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি চলাচল পুনরায় শুরু হওয়ার পর বাসের টিকিট কাউন্টারে বেশ ভিড় দেখা যায়। 

পুলিশ কর্মকর্তা বাবুল বলেন, “রাতে কক্সবাজার থেকে শতাধিক বাস ছেড়ে যাবে। রাত ৯টা থেকে এসব গাড়িকে পুলিশি নিরাপত্তা দেয়া হবে। এছাড়া হাইওয়েতে পুলিশ পেট্রলও থাকবে।”

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আকতার জানান, তার এলাকায় যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই।

Image
গাইবান্ধায় সড়ক থেকে গাছের গুঁড়ি তুলছে পুলিশ।

গাইবান্ধায় সড়ক থেকে গাছের গুঁড়ি তুলছে পুলিশ।

উত্তরাঞ্চলের মহাসড়কেও কোনো প্রতিবন্ধকতা নেই বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলার তিনমাথা এলাকা থেকে টিএমএসএস এলাকা পর্যন্ত যে ব্যারিকেড ছিল, তা সকালে সরিয়ে নেয়া হয়েছে। এখন যানচলাচলে কোনো সমস্যা নেই।”

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, “দুপুরের পরে নাচোল থেকে জেলার সর্বশেষ ব্যারিকেডটি সরিয়ে নেয়া হয়।”

যানচলাচল স্বাভাবিক থাকার কথা জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামও।

সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “জেলার সর্বশেষ ব্যারিকেডটি কালীগঞ্জ থেকে সরিয়ে নেয়া হয় মঙ্গলবার সকালে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

বর্তমানে জেলার যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

পরিবহন কোম্পানিগুলো বলেছে, টানা হরতালের পরে মঙ্গলবার সন্ধ্যা থেকে গাড়ি চালানো শুরু করেছে তারা।

দেশের অন্যতম বৃহৎ পরিবহন কোম্পানি হানিফ পরিবহনের ব্যবস্থাপক বলাই দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা থেকেই বিভিন্ন রুটে আমাদের গাড়িগুলো ছেড়ে যাচ্ছে।”

জামায়াতকর্মীরা সড়কের পাশাপাশি রেল যোগাযোগও ব্যাহত করার করার চেষ্টা চালায়। রেললাইন তুলে ফেলা ও ট্রেনে আগুন দেয়ার ঘটনায় রেল চলাচল বিঘ্নিত হলেও বন্ধ হয়নি পুরোপুরি।