পাশে থাকার আশা দিয়ে ফিরে গেলেন প্রণব
ভারত বাংলাদেশের পাশে থাকবে প্রতিশ্রুতি দিয়ে তিন দিনের ‘আবেগঘন’ সফর শেষে ঢাকা ছেড়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে করে করে দিল্লির পথে রওনা হন তিনি।
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বছর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটাই কোনো দেশে প্রণব মুখোপাধ্যায়ের প্রথম সফর।
ঢাকায় নামার পর রোববার সকালেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
সফরকালে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন দলের বেশ কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সোমবার বিকালে সোনারগাঁও হোটেলে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের সূচি থাকলেও দুপুরে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে তা বিএনপির পক্ষ থেকে তা বাতিল করা হয়।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যোগ দেন ভারতের রাষ্ট্রপতি, অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টর অফ লজ ডিগ্রি দেয়া হয়।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদানের জন্য প্রণব মুখোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেয়া হয়।
সে সময় পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রণব ছিলেন রাজ্যসভার সদস্য। ভারতের অনেক রাজনীতিকের মতো তখন মুক্তিকামী বাঙালির পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি।
তিনি ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর সফর করেন এবং এসময় শেখ মুজিবুর রহমানকে ‘একজন মহান নেতা’ হিসেবে স্মরণ করেন।
নড়াইলের ভদ্রবিলায় শ্বশুর বাড়িতে মন্দিরে সস্ত্রীক প্রণব মুখোপাধ্যায়।
ঢাকা ছাড়ার আগে শিলাইদহে কবিগুরুর কুঠিবাড়ি, টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসেও যান ভারতের রাষ্ট্রপতি।
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে ঋণচুক্তির আওতায় আনা একটি ব্রেকভ্যান সংযুক্ত ব্রডগেজ ইঞ্জিন ও ২০টি ট্যাংক ওয়াগনও উদ্বোধন করেন তিনি।
বঙ্গভবনে সম্মাননা গ্রহণের সময় অভিভূত হন প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, “আমি আপনাদের উষ্ণ আন্তরিকতা আমার হৃদয় ছুঁয়েছে।”
১৯৭১ সালের মতো ২০১৩ সালেও বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, “সমঅংশীদার হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আপনাদের সঙ্গে চলবো। আমরা উভয়েই অভিন্ন সভ্যতার উত্তরাধিকারী।”
তিনি স্মরণ করেন, “১৯৭১ সালের ১৫ জুন, ভারতের উচ্চকক্ষে একটি আলোচনা শুরু করার সুযোগ হয়েছিল আমার। তখন আমি বাংলাদেশের প্রবাসী মুজিবনগর সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেয়ার প্রস্তাব করেছিলাম।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে দাঁড়িয়ে প্রণব মুখোপাধ্যায় বলেছেন, সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে বাংলাদেশের পাশেই থাকবে ভারত।
তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিভিন্ন সামাজিক সূচকেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রির সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি হবে আশা প্রকাশ করে প্রণব বলেন, ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনেও পার্লামেন্টে প্রস্তাব তুলতে যাচ্ছে ভারত সরকার।
এ দেশের তরুণদের দেশপ্রেমেরও প্রশংসা করেন উপমহাদেশের প্রবীণ এই রাজনীতিবিদ।
এ দেশে যেভাবে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতীয় চেতনা গড়ে উঠেছে তা থেকে ভারতের ‘অনেক কিছু শেখার আছে’ বলেও মন্তব্য করেন এই বাঙালি।
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের অমীমাংসিত সমস্যা সমাধানে দেয়া সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণসহ বাংলাদেশে ভারতের বিনিয়োগ আগামী দিনগুলোতে আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রণব মুখোপাধ্যায়।
