২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরালয় ঘুরে গেলেন প্রণব মুখোপাধ্যায়

তিনদিনের সফরের ফাঁকে নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়ি ঘুরে গেলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহবুব রশিদ, নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 07:05 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পৌঁছান তিনি। এরপর গাড়িতে করে ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়িতে যান।

সেখানে প্রায় দুই ঘণ্টা কাটিয়ে দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর রওনা হন তিনি। মির্জাপুর থেকে তিনি কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড় যান।

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী নড়াইলের সন্তান শুভ্রা মুখোপাধ্যায়ও ছিলেন। শ্বশুরবাড়িতে দুই ঘণ্টা পরিবারের স্বজনদের সঙ্গে কাটান ভারতের রাষ্ট্রপতি। এ সময় শৈশবের স্মৃতির কাছে ফিরে যান তার স্ত্রী শুভ্রা।

শুভ্রা ঘোষ ভদ্রবিলা গ্রামের স্বর্গীয় অমরেন্দ্র ঘোষের মেয়ে। বিয়ের পর হন শুভ্রা মুখোপাধ্যায়।

শুভ্রার তার ভাই-বোনের মধ্যে শুধু কানাইলাল ঘোষ (৬৮) বতর্মানে ভদ্রবিলায় বসবাস করেন।

জামাইবাবুকে বরণ করতে প্রণবের শ্বশুর বাড়ির আঙিনায় একটি বড় প্যান্ডেল করা হয়। তাকে আপ্যায়নের জন্য হরেকরকম পিঠা, ইলিশ মাছ, ফলমূল ও নানা খাবারের আয়োজন করা হয়।

কানাইলাল ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নড়াইল সদরের চাঁচড়া গ্রামের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন শুভ্রা ঘোষ।

পাঁচ বছর বয়স পর্যন্ত কাটান নিজ গ্রাম ভদ্রবিলায়। এরপর তিনি আবার নানা বাড়ি বসবাস শুরু করেন এবং স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান।

১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণবের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাদের দুই ছেলে অভিজিৎ মুখার্জি ও সুরজিৎ মুখার্জি এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

তিনি বলেন, দিদি সর্বশেষ ১৯৯৬ সালে বাড়িতে (ভদ্রবিলা) এসেছিলেন। সে সময় মেয়ে শর্মিষ্ঠাকেও সঙ্গে এনেছিলেন। জামাইবাবুর আসার কথা থাকলেও হঠাৎ তার সফর বাতিল হয়।

“সেবার বাড়িতে এসে দিদির কি আনন্দ! এই মাটি, এই মন্দিরের সামনে খেলাধূলা করা, পাশ দিয়ে বয়ে যাওয়া সেই চিত্রা নদী। দিদি প্রায়ই খোঁজখবর নেন এখানকার। চিত্রা নদীর কথা প্রায়ই বলেন দিদি,” বলেন কানাইলাল।

তিনি বলেন, বর্তমানে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর ও কিছু গাছপালা ছাড়া দিদির ছোটবেলার স্মৃতিগুলোর তেমন কিছু নেই। সে সময়ের ছয় কক্ষের তাদের বড় দালান ঘরটিও এখন আর নেই। ১৯৭১ সালে রাজাকাররা ঘরটি ভেঙে সব লুটপাট করে নিয়ে যায়।

ভারতের রাষ্ট্রপতির আগমণ উপলক্ষে শুধু শ্বশুরবাড়ি নয়, পুরো নড়াইল শহরজুড়ে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি।

শুধু সদর উপজেলার ভদ্রবিলা গ্রাম নয়, যেন পুরো নড়াইল সাজে নতুন সাজে। নড়াইল-যশোর সড়কের চাঁচড়া থেকে শুরু করে রূপগঞ্জ, ভদ্রবিলাসহ প্রায় ১৬ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে নড়াইল-যশোর-লোহাগড়া সড়কের পাশে অবস্থিত বিভিন্ন খুপড়িঘর, দোকান, গাছের গুড়ি অপসারণ করা হয়।

নড়াইল থেকে ভদ্রবিলা গ্রাম পর্যন্ত রাস্তার দুই পাশের গাছগুলো কেটেছেঁটে গাছের গোড়ায় সাদা ও লাল রং দিয়ে এবং রং-বেরংয়ের পতাকা দিয়ে সাজানো হয়। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। নড়াইলকে ঢেকে দেয়া হয় নিরাপত্তার চাদরে।

তিনদিনের সফরে রোববার ঢাকা আসেন প্রণব মুখোপাধ্যায়। মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।