রেল ইঞ্জিন উদ্বোধন প্রণব-হাসিনার
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আমদানি করা ইঞ্জিন আর ট্যাংক ওয়াগন উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ভারত থেকে ঋণচুক্তির আওতায় ইঞ্জিন ও ওয়াগনগুলো আমদানির বিষয়ে প্রণব মুখোপাধ্যায় ও শেখ হাসিনাকে জানান।
তিনি জানান, ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তির আওতায় রেলওয়েতে ৭৩ কোটি ডলারের ১৪টি প্রকল্প হাতে নেয়া হয়েছে যার মধ্যে ৬৩ কোটি ডলারের ১১টি প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে।
বাংলদেশ রেলওয়ে ভারতের কাছ থেকে ২৬টি ব্রডগেজ ইঞ্জিন, ১৫৬টি ব্রডগেজ ট্যাংক ওয়াগন ও ৬টি ব্রেকভ্যান কিনছে।
তিনি জানান, আগামী এপ্রিল থেকে ইঞ্জিনগুলো আসা শুরু হবে। তবে ভারতের রাষ্ট্রপতির সফর উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই গত বুধবার ২টি লোকোমোটিভ আসে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে রোববার ঢাকায় পা রাখেন প্রণব মুখোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
