চট্টগ্রামে বিএনপি-ছাত্রলীগ ধাওয়া-ধাওয়ি
চট্টগ্রামে দলীয় কার্যালয়ের কাছে বিএনপির সঙ্গে ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে।
এ সময় বিএনপিকর্মীরা একটি মোটরসাইকেলে আগুন দেয় এবং আরেকটি ভাংচুর করে।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে নগরীর নেভাল এভিনিউ মোড়ে হরতালবিরোধী স্লোগান দিয়ে ত্রিশ-চল্লিশটি মোটর সাইকেলে করে ছাত্রলীগ কর্মীরা মহড়া দেয়।
এ সময় নগরীর নাসিমন ভবনস্থ নগর বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়া হরতালকারীরা তাদের ধাওয়া দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। জবাবে ছাত্রলীগ কর্মীরাও তাদের লক্ষ্য করে ইট ছোড়ে।
পরে পুলিশ ও নগর বিএনপির জ্যেষ্ঠ নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
এদিকে সকাল থেকেই নাসিমন ভবনের সামনে বিএনপিনেতাকর্মীরা তাদের ডাকা হরতালের সমর্থনে অবস্থান নেয়।
অপরদিকে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন হরতালবিরোধী সমাবেশ করে।
