২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লা: শুনানির দিন জানা যাবে রোববার

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি কবে হবে তা জানা যাবে আগামী রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 04:27 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায়।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোমবার আপিল আবেদনটি মঙ্গলবারের কার্যতালিকায় রাখার নির্দেশ দেন।

মঙ্গলবার সকালে বিষয়টি উত্থাপিত হওয়ার পর আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, “অপরপক্ষতো নাই। মামলার সংক্ষিপ্তসারওতো দেননি।”

জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আইনের বিধান অনুসারে নথি দিতে হয়, আমরা সব নথি দিয়েছি।”

পরে আপিল শুনানির বিষয়ে দিন নির্ধারণে আগামী রোববার আদেশ দেয়া হবে বলে জানায় আদালত।

অ্যাটর্নি জেনারেল গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সমন্বয়ক এম কে রহমান ও ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে সঙ্গে নিয়ে দুই খণ্ডে ৪৮৪ পৃষ্ঠার এই আবেদন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেন।

হত্যা ও ধর্ষণের মতো অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ দেয়।  ছয়টি অভিযোগের মধ্যে একটিতে তাকে খালাস, দুটিতে যাবজ্জীবন এবং বাকি তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে করা আপিলে আবেদনে কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের প্রতিটিতেই সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ।

এদিকে কাদের মোল্লাও সোমবার তার যাবজ্জীবন দণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

কাদের মোল্লার আইনজীবী ফরিদ উদ্দীন খান সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন। এতে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসাবে রয়েছেন জয়নুল আবেদীন তুহিনকে।

৯০ পৃষ্ঠার আবেদনে কাদের মোল্লার সাজার বিপক্ষে ৮৫টি যুক্তি তুলে ধরা হয়েছে। আর আবেদনের সংযুক্ত করা হয়েছে সঙ্গে তিন হাজার পৃষ্ঠার নথি।

কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শাহবাগে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে।

এদিকে ট্রাইব্যুনাল আইনে প্রসিকিউশনের আপিল করার সুযোগ না থাকায় মুক্তিযোদ্ধা ও বামদলগুলোসহ বিভিন্ন মহল থেকে ওই রায়ে হতাশা প্রকাশ করে আইন সংশোধনের দাবি ওঠে।

ফাঁসির দাবিতে এই বিপুল জাগরণের প্রতি সমর্থন জানিয়ে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকার। এর ফলে আপিলের সুযোগ হওয়ার পাশাপাশি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধের বিচার করারও সুযোগ সৃষ্টি হয়।