চট্টগ্রামে এবার কেটে নেয়া হলো রেল লাইন
সারাদেশে রেলপথ ধরে ‘জামায়াতের’ নাশকতার মধ্যেই চট্টগ্রামের ভাটিয়ারিতে রেললাইনের একটি অংশ কেটে নেয়া হয়েছে।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় কুমিরা ও ভাটিয়ারির মাঝামাঝি স্থানে লাইনের প্রায় ২০ ইঞ্চি লোহার পাত কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ফলে ওই সময় থেকেই চট্টগ্রামমুখী ডাউন লাইনটি বন্ধ হয়ে যায়। আপাতত পাশের লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলচল করছে বলে শামসুল আলম জানান।
তিনি বলেন, “ট্রেন চলছে একটি লাইন দিয়ে। ফলে সকালের ট্রেনগুলো কিছুটা বিলম্বিত হয়েছে। লাইন মেরামত হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি আমরা।”
এর আগে সোমবার বিকালে ঢাকার কমলাপুরে আন্তনগর উপকূল এক্সপ্রেসের দুটি বগি পুড়িয়ে দেয়া হয়, যার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
এর কয়েক ঘণ্টার মধ্যে রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের পুরনো রেল স্টেশনে একটি ইঞ্জিনে আগুন দেয়ার চেষ্টা চলে।
সহকারী লোকো মাস্টার আজিজুর রহমান জানান, ইঞ্জিনের তেলের ট্যাংক লক্ষ্য করে আগুন নিক্ষেপ করা হয়। রেলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তারা পালানোর সময় একজনকে আটক করে রেলওয়ে পুলিশ।
এরপর রাত পৌনে ১০টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে পরিত্যক্ত স্টেশনে আগুন দেয়া হয়। পরে অগ্নিনির্বাপক বাহিনী গিয়ে আগুন নেভায়।
যুদ্ধাপরাধের মামলায় গত বৃহস্পতিবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু করে জামায়াত-শিবির কর্মীরা।
ওইদিনই চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী ও লালমনিরহাটে রেল লাইনে আগুন দেয়া, ফিসপ্লেট ও স্লিপার খুলে ফেলার মতো ঘটনা ঘটে। লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে মহানগর গোধূলী।
এরপর শনিবার গভীর রাতে লাকসাম-নোয়াখালী রেলপথের বিপুলাসারে উপড়ে ফেলা হয় রেলপথ। লাইনের ওপর কাঠ জড়ো করে আগুন দেয়া হয় কুমিল্লায়। রাজশাহী রেল স্টেশনে আন্তঃনগর সিল্কসিটির তিনটি বগি পুড়িয়ে দেয় যাত্রীবেশী ২০-২৫ জন যুবক।
