হরতালের শুরুতেই রাজধানীতে বাসে আগুন
জামায়াতের পর বিএনপির সকাল-সন্ধ্যার শুরুতেই দুটি বাস পোড়ানোর হয়েছে রাজধানীর কারওয়ানবাজার ও মিরপুর এলাকায়।
এদিকে রেললাইন ধরে নাশকতার ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামের ভাটিয়ারিতে ট্রেন লাইন কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল কিছুটা বিলম্বিত হচ্ছে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল করে দলটি।
আর বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারের গণহত্যা ’ আখ্যায়িত করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে জামায়াতের জোটসঙ্গী বিএনপি। জামায়াত এবং ইসলামী ঐক্যজোটও এই হরতালে সমর্থন জানিয়েছে।
গত দুদিনের মতো মঙ্গলবারও সকাল থেকে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে রাজধানীর সড়কগুলোতে। মালিবাগ, শান্তিনগর, রামপুরা, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার, ফার্মগেইট, তেজগাঁও, মহাখালী, বাড্ডাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকেই রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। গণ পরিবহনের সংখ্যাও গত দুদিনের তুলনায় বেশি।
সকালের প্রথমভাগে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার বাস না ছাড়লেও কমলাপুর স্টেশন থেকে ট্রেন যথারীতি ছেড়ে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয় ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সেখান থেকেই সকালে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী রহমান মানিককে পুলিশ আটক করে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
সকালে হরতালের শুরুতে নেতাকর্মীদের নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “সরকারের আচরণ অগণতান্ত্রিক ও স্বৈরাচারী। ধীরে ধীরে তা ফ্যাসিবাদের রূপ পাচ্ছে। অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। তার প্রতিবাদেবই আমাদের এই হরতাল।”
হরতাল ‘সফল’ করতে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানান তিনি।
