২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্টদ্রোহ মামলা

বরিশালে জামায়াত-শিবিরের হামলার ঘটনায় রাষ্ট্টদ্রোহিতার অভিযোগে মামলা করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

সোমবার বিকালে মহানগরীর বিমান বন্দর থানায় মামলাটি করেন হামলায় আহত পুলিশের উপ পরিদর্শক (এসআই) খন্দকার আবুল খায়ের।

এ মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ২০০ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।

নগরীর লাকুটিয়া সড়কে সোমবার ভোর ছয়টায় জামায়াত-শিবিরের হামলায় আহত হন সাত জন।

আহত বিমান বন্দর থানার উপ-পরিদর্শক খন্দকার আবুল খায়ের, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকন চন্দ্র দে, পুলিশ কনষ্টেবল মো. রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান ভূইয়া, যুবলীগ নেতা রফিক মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়।

এদের মধ্যে সোলাইমান ভুইয়ার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানান।

এছাড়া চ্যানেল২৪ এর ক্যামেরাম্যান হাওলাদার সোহেল ও মাই টিভির মো. বশির প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।

হামলার সময় দুটি মোটরসাইকেলে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা। তারা পুলিশ সদস্যদের বহনকারী একটি হিউম্যান হলার ভাঙচুর করে।

এই ঘটনার পর মো. সেলিম নামে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে।

এসআই খন্দকার আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও বেআইনীভাবে জনতার ওপর হামলা, ভাঙচুর এবং পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়াসহ গুরুতর ও সাধারণ জখম করা এবং ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে।