মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের পিকআপে আগুন
হরতাল চলাকালে মিরসরাইয়ের বারৈয়ারহাটে হাইওয়ে পুলিশের একটি পিকআপে সোমবার আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিকাল পাঁচটার দিকে বারৈয়ারহাটে আজিজ মিস্ত্রীর গ্যারেজে মেরামতের জন্য রাখা মিরসরাই হাইওয়ে পুলিশের পিকআপটিতে আগুন দেয় ১০-১২ জন যুবক।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি তিনদিন ধরে গ্যারেজে ছিল।
সোমবার বিকালে ১০-১২ জন যুবক এতে আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা হাইওয়ে পুলিশকে জানায়।
জামায়াত-শিবির কর্মীদের প্রতি সরাসরি ইঙ্গিত করে এসআই মেহেদী হাসান বলেন, “ধারণা করছি কেউ নাশকতার জন্য গাড়িটিতে আগুন দিয়েছে। আগুনে পিকআপটির পেছনের অংশ পুড়ে গেছে।”
