হরতালে বিনা চিকিৎসায় মৃত্যু ধলী রানির
হরতালে হাসপাতালে নিতে না পারায় মারা গেছেন গাইবান্ধার এক গৃহবধূ।
সোমবার সকালে মারা যান গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই গ্রামের বিমল দাসের অন্তঃস্বত্বা স্ত্রী ধলী রানি দাস।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১০টায় ধলী রানিকে এ হাসপাতালে আনা হয়।
কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে পাঠানো পরামর্শ দেন।
সেমতো বিমল দাস তার স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে রংপুর নেয়ার চেষ্টা করেন।
কিন্তু হরতালে পলাশবাড়ীতে রাস্তায় অবরোধ থাকায় আর যেতে পারেননি।
এরপর মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেন গাইবান্ধা সদর কিংবা বগুড়া নিতে।
কিন্তু রাস্তায় গাছের গুড়ি দিয়ে অবরোধ থাকায় তাও সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত বিমল তার স্ত্রীকে নিয়ে বাধ্য হয়ে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আসেন। সেখানে সকাল সাড়ে ৯টায় ধলী রানির মৃত্যু হয়।
দেলওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ হরতাল শুরু হয় রোববার।
