২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়িতে ৩শ’ জনের বিরুদ্ধে মামলা

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর জামায়াতের তাণ্ডবের ঘটনায় নোয়াখালীর সোনাইমুড়িতে মামলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

এদিকে অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগের পর জারি করা ১৪৪ ধারা সোমবার চতুর্থদিনের মতো অব্যাহত রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ি উপজেলা সদর ও আশপাশ এলাকায় এ আদেশ জারি করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম বলেন, উপজেলা পরিষদ কমপ্লেক্সে হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় তিনশ’ লোককে আসামি করে সোমবার সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা পরিষদের নাজির আলমগীর ভূঞা বাদী হয়ে মামলাটি দাযের করেন বলে তিনি জানান।

যেকোনো ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে, বলেন তিনি।

শুক্রবার নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া, দিঘিরজান, উপজেলা ও বাইপাসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামায়াত-শিবির কর্মীরা। তারা সোনাইমুড়ি উপজেলা কমপ্লেক্সের অফিস, উপজেলা চেয়ারম্যানের বাংলোতে ভাংচুর চালায়। কৃষি সম্প্রসারণ বিভাগের তিনটি ধানমাড়াই কল, একটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় তাদের সঙ্গে পুলিশ ও র‌্যাবের সংঘর্ষে পথচারী কোরবান আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান।