২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতকে খুশি করতেই খালেদার সাক্ষাৎসূচি বাতিল’

জামায়াতে ইসলামীকে খুশি করতেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সফররত ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাত কর্মসূচি বাতিল করা প্রসঙ্গে সোমবার নাসিম বলেন, “এ কর্মসূচি বাতিল করা খালেদা জিয়ার রাজনৈতিক, কূটনৈতিক কান্ডজ্ঞানহীন সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে তিনি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। “বাঙালির আতিথেয়তার ঐতিহ্যকে ভূলণ্ঠিত করেছেন তিনি। এতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।”

তিন দিনের সফরে রোববার সকালে ঢাকা পৌঁছান ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দুপুরে ১৪ দলের বেঠক শেষে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

গত কয়েকদিনে দেশের যেসব স্থানে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা ঘটেছে, সেইসব স্থান ১৪ দল নেতাদের পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

সাম্প্রতিক সময়ে ‘বিএনপি ও জামায়াতের সারাদেশে নৈরাজ্যের’ প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে কেন্দ্রীয় ১৪ দল ৫, ৬ ও ৯ মার্চ ঢাকাসহ দেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে।

এছাড়া ১৪ দলের পক্ষে থেকে দেশের সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গেও মতবিনিময় করা হবে।

বৈঠকের এসব সিদ্ধান্তর কথা জানিয়ে নাসিম সাংবাদিকদের বলেন, “প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে খালেদা নিজেই তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। আর এখন নিরাপত্তার খোড়া যুক্তি দেখিয়ে সাক্ষাত বাতিল করেছেন।”

স্বাধীনতা বিরোধীদের ‘খুশি’ করতে খালেদা বাঙালির সম্মান ‘ভূলুন্ঠিত’ করেছেন বলেও মনে করেন নাসিম।

সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সঠিক ছিল বলে মন্তব্য করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি মনে করি জামাত-শিবির যেভাবে তাদের [আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী] উপর হামলা করেছে, তাতে আত্মরক্ষার জন্য তাদের কঠোর হওয়া ছাড়া বিকল্প কোন উপায় ছিলো না।


“আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে বলব, প্রয়োজনে আরো কঠোর ও কৌশলী হয়ে তাদের মোকাবেলা করুন।”

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, জাতীয় সমাজতান্ত্রিক দলেল শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, ওয়ার্কার্স পার্টির আবু হামেদ সাহাবুদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।