বগুড়ায় রেল যোগাযোগ স্বাভাবিক
একদিন বন্ধ থাকার পর বগুড়া রেলস্টেশন হয়ে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।
জামায়াত-শিবিরকর্মীরা শহরের সাবগ্রাম ও সরকারি আজিজুল হক কলেজের সামনের রেললাইন উপড়ে ফেলায় রোববার সকাল সাতটা থেকে বগুড়া স্টেশন হয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।
সোমবার সকাল থেকে রেললাইন মেরামতের কাজ শুরু হওয়ার পর দুপুর ১২ থেকে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বগুড়া স্টেশন সুপারিনটেন্ডেন্ট বেলাল হোসেন।
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার বগুড়ায় তাণ্ডব চালায় জামায়াত-শিবির। সংঘর্ষে নয়জন নিহত ও অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়।
সংঘর্ষের পর বগুড়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, যা এখনো অব্যাহত আছে বলে জানান গাবতলী থানার ওসি আলী আহম্মেদ হাশমী।
এছাড়া সোমবার সকাল থেকে শিবগঞ্জ উপজেলার রায়নগর, মোকামতলা ও দেউলী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম।
দুপচাঁচিয়া পৌর এলাকায়ও সোমবার সকাল ৭ টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।
এদিকে গুলি করে হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় বগুড়া সদর থানায় পাঁচটি ও শিবগঞ্জ থানায় দুইটি মামলা হয়েছে।
সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, জয়পুরপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বাদলের আত্মীয় মামুনুর রশিদ এবং ইয়াকুবিয়া স্কুলের মোড়ে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া আলমীর হোসেন ও টিটুর বাবা যথাক্রমে আনছার আলী ও আলম বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের পাঁচশতাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে।
“এছাড়া সংসদ সদস্য আব্দুল মান্নানের বাসায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ্ করে ও অজ্ঞাত পরিচয়ের আরো ৫০ জনের বিরুদ্ধে ঐ বাসার কেয়ারটেকার মোস্তাফিজুর রহমান মুকুল বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছে।”
শহরের এসএ পরিবহনে ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি দেখিয়ে ওই শাখার ম্যানেজার হুমায়ুন কবির অজ্ঞত পরিচয়ের এক হাজার ছয়শ’ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছে বলেও জানান তিনি।
শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম জানান, মোকামতলা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এসআই সানোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা পনেরশ’ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এছাড়া ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া একজনের পরিবারও অজ্ঞাত পরিচয়ের এক হাজার জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছে।
রোববারের ওই তাণ্ডবের পর ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার তেমন কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সকালে মহাসড়ক ও বাইপাসে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে হরতাল সমর্থনকারীরা।
আইনশৃঙ্খলা রাক্ষায় শহরে পুলিশ, র্যাব ও বিজিবি টহল দিচ্ছে।
