২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ দূরপাল্লার বাস, চলছে ট্রেন-লঞ্চ

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীর প্রধান সড়কে যাত্রীবাহী বাস চলছে। তবে বরাবরের মতো বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 06:18 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

সোমবার রাজধানীর সড়কগুলোতে রিকশা ও অটোরিকশার সংখ্যা রোববারের চেয়ে বেড়েছে। প্রাইভেটকারও দেখা গেছে গতকালের চেয়ে বেশি।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির প্রত্যাখ্যান করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর ডাকা এই হরতালে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রধান সড়কে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য।

গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২, পল্লবী, শ্যাওড়াপাড়া, কাজিপাড়া, ফার্মগেট, মহাখালী, অসাদগেট, মগবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় অফিসগামী যাত্রীদের তেমন ভিড় চোখে পড়েনি। এসব এলাকা ঘুরে রাস্তায় বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনের বেশ কিছু বাস চলাচল করতে দেখা যায়।

এদিকে সায়েদাবাদ ও মহাখালী এবং গাবতলী বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে যায়নি।

হরতালে যাত্রী ভোগান্তি এড়াতে শনিবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সব অগ্রিম টিকিট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন একাধিক কাউন্টার ম্যানেজার।

সাতক্ষীরাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের কাউন্টার ম্যানেজার নজরুল ইসলাম বলেন, টিকিট বাতিলের বিষয়টি সব যাত্রীদের মোবাইল ফোনে জানানো হয়েছে।

কমলাপুর স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেললাইনের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা বাড়ানো হয়েছে। সকালে কমলাপুর থেকে নির্ধারিত সব ট্রেনই ছেড়ে গেছে বলে স্টেশন মাস্টার জানান। কয়েকটি ট্রেন কিছুটা দেরিতে ছেড়ে গেছে তবে তা হরতালের কারণে নয় বলে তিনি জানান।

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর থেকে বেলা ১০টা ৩০ মিনিটি পর্যন্ত সদরঘাট থেকে ৮টি লঞ্চ ছেড়ে গেছে, ভিড়েছে ৩৩টি লঞ্চ। যাত্রী কম থাকায় একটি লঞ্চ ছেড়ে যায়নি।  

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকা হয়।

বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের প্রধান শরিক বিএনপি।

হরতাল প্রতিহত করার ঘোষণা এসেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকেও।