চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত আব্দুল হালিম (৩২) দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ছুন্নত আলীর ছেলে। তিনি হালিম বাহিনীর প্রধান বলে দাবি পুলিশের।
রোববার রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা তেলপাম্পের কাছে ‘বন্দুকযুদ্ধে’ হালিম মারা যান বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালিম তার বাহিনী নিয়ে দর্শনা তেলপাম্পের কাছে বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। টের পেয়ে বৈঠক থেকে পুলিশকে লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা । পুলিশও পাল্টা গুলি চালায়।
“প্রায় ১৫ মিনিট ধরে গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর সেখানে তল্লাশি চালিয়ে হালিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।”
ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, হালিমের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে একডজন মামলা রয়েছে।
