সিলেটে জগৎজ্যোতির অন্ত্যেষ্টিক্রিয়া, আ’লীগের কর্মসূচি
সিলেটে জামায়াত-শিবিরের হামলায় নিহত সাবেক ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি তালুকদারের অন্ত্যেষ্টিকিক্রয়া সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়। আড়াইটার দিকে আখালিয়া কালীবাড়ি ব্রাহ্মণশাসন শ্মশানঘাটে হয় অন্ত্যেষ্টিক্রিয়া।
এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্টের সমাবেশ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র বদর উদ্দিন কামরান এ কর্মসূচির ঘোষণা দেন।
এতে রয়েছে সোমবার কালোব্যাজ ধারণ ও শোকর্যালি এবং মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
এর আগে সাড়ে ১২টার দিকে মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নোতাকর্মীরা।
শনিবার রাতে নগরীর আখালিয়ায় জামায়াত-শিবিরের হামলায় নিহত হন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জগৎজ্যোতি তালুকদার। গুরুতর আহত হন জুয়েল আহমদ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
