২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আসামি বিএনপির ২ হাজার নেতাকর্মী

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় খুলনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

শনিবার বিকালে নগরীর ডাকবাংলো মোড়ে এই সংঘর্ষ হয়। রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৭ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।

খুলনা থানার ওসি শাহবুদ্দিন আজাদ বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, পুলিশের গাড়ি ভাংচুর, ক্ষয়ক্ষতি ও হত্যার উদ্দেশ্যে আঘাত এবং হাতবোমা বিস্ফোরণের অভিযোগে এ মামলা করা হয়।

শনিবার বিকালে মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করে। মিছিলের শেষ অংশ ডাকবাংলো মোড়ে পৌঁছেলে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা এবং ককটেল বিস্ফোরণ হয়।

এ সময় পুলিশ প্রায় অর্ধশত রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করলে বিএনপির মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মামলার এজাহারভুক্তরা হলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, যুবদল নেতা আনিসুর রহমান বিশ্বাস, আব্বাস, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শের আলম সান্টু, শেখ আবু খালিদ, ছাত্রদল নেতা আরিফ, বিএনপি নেতা নাজির উদ্দিন আহমেদ নান্নু, যুবদল নেতা আজাদ, শফি, নান্নু, ছাত্রদল নেতা জোলকার নাঈম, যুবদল নেতা রিপন, মহানগর যুবদল সভাপতি তুহিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাফি, সখা, তানিম, জুম্মান, রাকিব, মিজানুর রহমান বাবু, বেল্লাল, শাহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোবায়েত, আনিচ, মো. শহিদুল ইসলাম তালুকদার, নিরপ, শামিম আশরাফ ও ছাত্রদল নেতা শাহরিয়া বাবু।