জলঢাকায় বিজিবির ওপর হামলায় মামলা, আসামি ৫শ’
নীলফামারীর জলঢাকা উপজেলায় বিজিবির ওপর হামলা এবং ১৪৪ ধারা ভেঙে মিছিল করার ঘটনায় মামলা হয়েছে।
রোববার বিজিবির সুবেদার চান মিয়া বাদী হয়ে জলঢাকা থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলায় চার থেকে পাঁচশ জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে।
জলঢাকা থানার ওসি তাপস কুমার পণ্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসী তাণ্ডব রুখতে শনিবার বিজিবি মোতায়েন এবং ১৪৪ ধারা জারি করা হয়।
কিন্তু জামায়াত-শিবির ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ মিছিল করে এবং বিজিবির উপর চড়াও হয়।
এ অভিযোগে মামলা করা হয়।
এ মামলায় গ্রেপ্তাররা হলেন পৌরসভার বগুলাগাড়ি বারঘড়ির মমিনুর রহমান (৫০), আমরুলবাড়ির ইলিয়াছ হোসেন (৩২), ডাকবাংলো এলাকার মিজান (২৮), দক্ষিণ কাজিরহাটের হামিদুল (২৮), আমরুলবাড়ি কলেজপাড়ার নাহিদ (১৮) ও পূর্ব কাঁঠালীর বাহাদুর রহমান (৩০)।
