২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরপাল্লার বাস বন্ধ, ট্রেন-লঞ্চ স্বাভাবিক

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীতে বেশ কিছু যাত্রীবাহী বাস চলছে। তবে বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 05:10 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

রাজধানীর সড়কগুলোতে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে। কিছু প্রাইভেটকারও রাস্তায় বেরিয়েছে।

দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর ডাকা এই হরতালে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রধান সড়কে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য।

গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২, পল্লবী, শ্যাওড়াপাড়া, কাজিপাড়া, ফার্মগেট, মহাখালী, অসাদগেট, মগবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় অফিসগামী যাত্রীদের তেমন ভিড় চোখে পড়েনি। এসব এলাকা ঘুরে রাস্তায় বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনের বেশ কিছু বাস চলাচল করতে দেখা যায়।

এদিকে সায়েদাবাদ ও মহাখালী থেকে দূর পাল্লার বাস ছেড়ে না গেলেও গাবতলী বাস টার্মিনাল থেকে সাভার ও নবিনগরে রুটে অল্প কিছু বাস ছেড়ে গেছে বলে টিকেট কাউন্টার থেকে জানানো হয়।

কমলাপুর স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেললাইনের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা বাড়ানো হয়েছে। প্রতিটি গাড়িতে রেল পুলিশের সংখ্যা ১২ জন থেকে বাড়িয়ে ১৫ জন করা হয়েছে।

সকালে কমলাপুর থেকে নির্ধারিত সব ট্রেনই সময়মতো ছেড়ে গেছে বলে স্টেশন মাস্টার জানান।

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর থেকে বেলা ১০টা ৪০ মিনিটি পর্যন্ত সদরঘাট থেকে ৮টি লঞ্চ ছেড়ে গেছে, ভিড়েছে ৩৬টি লঞ্চ।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকা হয়।

বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের প্রতিবাদে মঙ্গলবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের প্রধান শরিক বিএনপি।

হরতাল প্রতিহত করার ঘোষণা এসেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকেও।