কড়া নিরাপত্তায় হরতাল শুরু
ঝটিকা মিছিল ও বিক্ষিপ্ত বোমাবাজির মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে জামায়াতে ইসলামীর লাগাতার দুই দিনের হরতাল।
রোববার সকাল থেকেই নগরীতে বিপুল সংখ্যাক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। মালিবাগ, শান্তিনগর, রামপুরা, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার, ফার্মগেইট, তেজগাঁও, মহাখালী, বাড্ডাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করলেও বাস চলাচল তুলনামূলকভাবে কম। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সকালে দূর পাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি।
এদিকে গত কয়েকদিনে রেলপথ ধরে জামায়াতের নাশকতার চেষ্টার পরিপ্রেক্ষিতে রেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কমলাপুর স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইনের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘লাইন পাহারা’ বাড়ানো হয়েছে। প্রতিটি গাড়িতে রেল পুলিশের সংখ্যা ১২ জন থেকে বাড়িয়ে ১৫ জন করা হয়েছে।
সকালে কমলাপুর থেকে নির্ধারিত সব ট্রেনই সময়মতো ছেড়ে গেছে বলে স্টেশন মাস্টার জানান।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকা হয়।
বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনায় মঙ্গলবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের প্রধান শরিক বিএনপি।
রোববার হরতালের শুরুতেই সকাল সাড়ে ৬টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায় হরতালকারীরা।
পরে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয় বলে সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান।
পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষাটা চালায় হরতালকারীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পরে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে যাত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম জানান।
সকালে আজিমপুর, সোহরাওয়ার্দী হাসপাতাল, মিরপুর-১ এলাকাতেও হরতালের সমর্থনে জামায়াত কর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।
এছাড়া লক্ষ্মীবাজার, বাড্ডা ও মিরপুরে হাতবোমা বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত আছেন।
হরতাল প্রতিহত করার ঘোষণা এসেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকেও।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসা এই জাগরণ মঞ্চের উদ্যোক্তারা বলছেন, জামায়াত-শিবির সারাদেশে ‘সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি’ সৃষ্টির চেষ্টা করছে। সম্মিলিতভাবে এই চেষ্টা প্রতিহত করতে হবে।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার শনিবার জানান, রোববার সকাল ১০টায় শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ থেকে হরতালবিরোধী মিছিল রেব হবে। এছাড়া বিকাল ৩টায় পুরান ঢাকার বাহদুর শাহ পার্কে হবে সমাবেশ।
ইমরান বলেন, “আজকে সারা বাংলাদেশে জামাত-শিবির যে সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করেছে গণজাগরণ মঞ্চ তার বিরুদ্ধে একইসঙ্গে তীব্র ঘৃণা ও নিন্দা জ্ঞাপন করছে।
