সংসদ এলাকায় হাতবোমার বিস্ফোরণ
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের আগের রাতে রাজধানীতে সংসদ ভবনের সামনের রাস্তায় হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শেরে-বাংলানগর থানার ওসি আব্দুল মোমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন নম্বর ন্যাম ভবনের সামনের রাস্তায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, একটি প্রাইভেটকার থেকে হাতবোমা ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।
এছাড়া রাত ৮টার দিকে ধানমন্ডির স্টার কাবাব রেস্তোরাঁর সামনেও দুই/ তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলেও জানান ওসি মোমীন।
যুদ্ধাপরাধে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে সারা দেশে সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে জামায়াত-শিবির। গত তিন দিনে তাদের সহিংসতায় বহু মানুষ হতাহত হয়েছে।
