বাঁশখালীতে ব্রিজ খুলে নিয়েছে জামায়াত-শিবির
হরতালের সমর্থনে মিছিল নিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে মূল সড়কের একটি ব্রিজ খুলে ফেলেছে জামায়াত-শিবির কর্মীরা।
বাধা দিতে গেলে পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে।
শনিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের নাপোড়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, জামাত-শিবিরকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে এবং যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারইপাড়া কালিবাড়িতে জামাত-শিবিরের কর্মীরা হামলা চালিয়েছে বলে স্থানীয় সাংবাদিক ও এলাকার লোকজন অভিযোগ জানিয়েছেন।
বাঁশখালী থানার ওসি আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম-বাঁশখালী সড়কের নাপোড়া বাজার ব্রিজের পাটাতন খুলে ফেলা হয়েছে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা সেখানে গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে।
তবে বারইপাড়াতে কালিবাড়িতে হামলার বিষয়ে অবহিত নন বলে জানান তিনি।
