নোয়াখালীতে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়িতে জামায়াতে ইসলামীর তাণ্ডবের সময় গুলিবিদ্ধ এক পথচারী মারা গেছেন।
ওই সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত কোরবান আলী (২৮) শুক্রবার মুটবি এলাকায় গুলিবিদ্ধ হন। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
সোনাইমুড়ি থানার ওসি হুমায়ুন কবির জানান, ওই সংঘর্ষের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে র্যাবের কুমিল্লা জোনের উপসহকারী পরিচালক জসিম বাদী হয়ে অজ্ঞাতনামা জামায়াত-শিবিরে ছয়শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।
শুক্রবারের সংঘর্ষের পর বিকাল পাঁচটা থেকে সোনাইমুড়ি উপজেলায় জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ আছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম।
এদিকে সোনাইমুড়িতে বৃহস্পতিবার এক প্রকৌশলী সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন বলে তার স্বজনরা জানিয়েছে।
নিহত সুমন ভৌমিক (৩২) ঘোড়াশাল সার কারখানায় কর্মরত ছিলেন। নোয়াখালী শহরের মাস্টার পাড়ার মাওলা ম্যানশনে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।
নরসিংদীর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সংঘর্ষে আহত হন বলে জানান তার বড় বোন সুমি দাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে নোয়াখালী আসছিলো সুমন। রাত পৌনে ১০টা দিকে সোনাইমুড়িতে গোলযোগের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর পায়ে হেঁটে বাসায় উদ্দেশে রওয়ানা হওয়ার কথা সর্বশেষ জানিয়েছিল সে।”
“এর কিছুক্ষণ পর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সারাদিন খোঁজাখুঁজি করেও সুমনের কোনা সন্ধান আমরা পাইনি। সন্ধ্যায় উপজেলার বজরা হাসপাতালে খোঁজ নিতে গিয়ে আমরা সুমনের মৃতদেহ সনাক্ত করি।”
তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেন সুমি দাস।
এব্যাপরে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনার কথা বলে কয়েকজন ব্যক্তি গুরুতর আহত একজনকে হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তির কান দিয়ে রক্ত ঝরছিল। শুক্রবার ভোরে তিনি মারা যান।”
সুমন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের বিনোদ ভৌমিকের ছেলে। তার স্ত্রী অনিতা ভৌমিক সোনালী ব্যাংক মাইজদী কোর্ট শাখার জুনিয়র অফিসার। তাদের এক বছরের একটি ছেলে আছে।
বৃহস্পতিবার যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জেলাজুড়ে জামায়াতে ইসলামীর তাণ্ডবের সময় সংঘর্ষে দুই জন নিহত হয়। এর প্রতিবাদে দলটি শনিবার আধাবেলা হরতাল ডাকে।
হরতালে জেলার বিভিন্ন স্থানে মিছিল করছে জামায়াতকর্মীরা। এছাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা দেয়া হয়েছে।
সকালে জেলা সদরের সোনাপুর ও দত্তেরহাটে ইসলামী ছাত্রশিবিরকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে।
বেগমগঞ্জের আপানিয়াতে শিবিরকর্মীরা যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের টহল বেড়ে যাওয়ায় সড়কের অনেক স্থান থেকে পিকেটাররা সড়ে পড়ে।
নোয়াখালীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৬ জনকে আটক করেছে পুলিশ।
