ঠাকুরগাঁওয়ে শনিবার হরতাল জামায়াতের
ঠাকুরগাঁওয়ে শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
এর আগে শহরের গড়েয়া মাঠে জানাজা শেষে গড়েয়া গোরস্থানে তিন জনকে দাফন করা হয়। এছাড়া হিন্দু সম্প্রদায়ের এক জনকে দাহ হয় গড়েয়া শ্মশানঘাটে।
দাফন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আমির শামসুজ্জামান হরতালের ঘোষণা দেন।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায় হওয়ার পর বৃহস্পতিবার গড়েয়া এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় বিজিবি ও পুলিশ গুলি চালালে পাঁচ জন নিহত হন।
নিহতরা হলেন গড়েয়ার ইসারুল ইসলামের ছেলে মনির হোসেন (১৮), নিলয় বর্ম্মনের ছেলে মিঠুন ওরফে নিরঞ্জন (১৬), নজরুল ইসলামের ছেলে ৭ম শ্রেণির ছাত্র ফিরোজ (১৪), কমিরুলের ছেলে রবিউল ইসলাম রুবেল (১৯) এবং গড়েয়াবাজার এলাকার শেষ সীমানা দিনাজপুর জেলার সামাদ মিয়ার ছেলে সুমন (১৭) ।
পুলিশ সুপার ফয়সল মাহামুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতদের মধ্যে প্রথম চার জনের ময়নাতদন্ত ঠাকুরগাঁও সম্পন্ন হয়। কিন্তু সুমনের (পঞ্চম ব্যক্তি) মরদেহ তার স্বজনরা দিনাজপুরের বাড়িতে নিয়ে গেছেন।
