২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ার ওসি আহত, ৩ উপজেলায় ১৪৪ ধারা

কক্সবাজারে বিভিন্ন স্থানে শুক্রবারও হামলা-সংঘর্ষ হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বিকালে জামায়াত-শিবিরের হামলায় চকরিয়া থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। কুতুবদিয়ায় জামায়াতের কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

কুতুবদিয়া ও পেকুয়ায় দুটি মামলা করেছে পুলিশ। চকরিয়া, উখিয়া ও পেকুয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া বলেন, বিকালে চিরিঙ্গা স্টেশনে সড়ক অবরোধ করে জামায়াত শিবির। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা হামলা চালায়।

এতে তিনি নিজে (ওসি), পুলিশের পাঁচ সদস্যসহ ২০ জন আহত হন।

পরে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

কুতুবদিয়া থানার ওসি আবুল হাসেম বলেন, বিকাল ৩টার দিকে ধুরুং বাজার থেকে জামায়াতের একটি মিছিল উপজেলা পরিষদের দিকে যাওয়ার সশয় পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে।

এ সময় জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে গেলে জনতা বড়ঘোপ বাজারে উপজেলা জামায়াতের কার্যালয়ে আগুল ধরিয়ে দেয়।

পরে পুলিশ এলাকার লোকজনকে নিয়ে আগুন নেভায়।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ ভবনে ভাংচুর, অগ্নিসংযোগ ও সংখ্যালঘু এলাকায় হামলা-লুটপাট চালায় জামায়াত। আওয়ামী লীগ অফিস এবং দলীয় কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায়।

এর প্রেক্ষিতে শুক্রবার দুপুর থেকে কুতুবদিয়ায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

পেকুয়া থানায় একশ’ জনের নাম উল্লেখসহ আটশ’ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে পুলিশ মামলা করেছে, বলেন ওসি।

উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া বলেন, বৃহস্পতিবার উখিয়ার কোটবাজারে সড়ক অবরোধ, যানবাহন ভাংচুরসহ নাশকতার ঘটনায় পুলিশ অজ্ঞাত পরিচয় তিনশ’ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

এছাড়া নাশকতা ঠেকাতে উপজেলায় দুপুরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বলেন, পুলিশ, বিজিবি, র‌্যাবের টহল জোরদার রয়েছে।