২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণবের সফর: ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছে দিল্লি

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঢাকা সফরকে সামনে রেখে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার দিকে নজর রাখছে নয়া দিল্লি। এ জন্য ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

প্রণব মুখোপাধ্যায়ের এই সফর নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই শুক্রবার নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার জানিয়েছে, ঢাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

মানবতাবিরোধী অপরাধে বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়ার পর দেশজুড়ে তাণ্ডব চালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় ৩৫ জন।

রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার টানা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকাল সন্ধা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপিও।

তিন দিনের সফরে রোববার ঢাকা আসছেন প্রণব মুখোপাধ্যায়, যা গত বছরের আগস্টে রাষ্টপতি হওয়ার পর তার প্রথম বিদেশ সফর।

প্রণবের প্রেস সচিব শুক্রবার সাংবাদিকদের জানান, “বাংলাদেশ সফরের জন্য মুখিয়ে আছেন রাষ্ট্রপতি।”

মুক্তিযুদ্ধে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য ঢাকা সফরে প্রণব মুখোপাধ্যায়কে মুক্তিযুদ্ধ সম্মাননা পুরষ্কার দেয়া হবে।

এছাড়া তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক 'ডক্টর অব ল' ডিগ্রি দেয়া হবে।

প্রণবের সঙ্গে আসছেন তার স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ও, যার আদিবাড়ি নড়াইলেও সদর উপজেলার ভদ্রবিলা গ্রামেও যাবেন ভারতের রাষ্ট্রপতি।

কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িও দেখতে যাওয়ার কথা রয়েছে তার।

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গত বছরের মে মাসে দুই দিনের সফরে ঢাকা এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়। তখন তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী।