মিরপুর-বনানী ফ্লাইওভার খুলবে ২৭ মার্চ
যান চলাচলের জন্য ২৭ মার্চ খুলে দেয়া হবে মিরপুর-বনানী ফ্লাইওভার, যা দিয়ে মিরপুর থেকে বিমানবন্দর সড়কে যাওয়ার পথ ও সময় কমাবে।
শুক্রবার মিরপুর-বিমানবন্দর সড়কে ফ্লাইওভার ও বনানী রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প পরিদর্শনের করার সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ মার্চ ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।
নির্ধারিত সময়ের তিন মাস আগে ফ্লাইওভারের কাজ শেষ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীতে যানজট কমবে। বৃহত্তর মিরপুরবাসী ঢাকা সেনানিবাসের মধ্য দিয়ে বাধাহীনভাবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে পারবে।
সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
৩৬০ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ১৭৯৩ মিটার ফ্লাইওভার, ৮০৪ মিটার ওভারপাস ও ৫৬১ মিটার লিংক ব্রিজ নির্মিত হচ্ছে। ২৭ ডিসেম্বর বনানী ওভারপাস খুলে দেয়া হয়েছে।
এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. হাবিবুল হক, প্রকল্পের উপদেষ্টা প্রকৌশলী ড. আজাদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
